যার অধীনেই হোক, আমরা খেলা চাই : মিঠুন

বিসিবি নির্বাচন ঘিরে বিতর্ক যেন কিছুতেই শেষ হচ্ছে না! বর্তমান বিসিবির অধীনে সব ধরনের ঘরোয়া ক্রিকেট বয়কট করেছিল ঢাকার ৪৫ ক্লাব। প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ক্রিকেট বয়কট করলেও বাকিদের নিয়ে টুর্নামেন্ট শেষ করেছিল বিসিবি।
এবার আলোচনায় ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এই টুর্নামেন্ট আয়োজন নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। এখনো পর্যন্ত দলবদলের বিষয়েও কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে বয়কট করা সেই ক্লাবগুলো এখনো তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে।
ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন জানালেন, যেভাবেই হোক ক্রিকেট চান তারা। তিনি বলেন, 'আমাদের রুজি রুটি ক্রিকেট, আমরা চাই মাঠে খেলা থাক। এটা কী করতে হবে না করতে হবে, এখানে কে থাকলে ভালো হবে কে (না) থাকলে ভালো হবে, এটা সম্পূর্ণ উনারা ঠিক করবেন।'
'আমি চাই পুরো বাংলাদেশের ক্রিকেট আগে যেভাবে ঠিকঠাকভাবে চলতো সেভাবে চলুক। সেটা যার অধীনেই হোক। আমাদের চাহিদা হচ্ছে আমাদের কোনো মৌসুম যেন মিস না হয়। যেটা মার্চে হওয়ার কথা সেটা মে মাসে হোক, মে মাসে না হলে জুনে হোক। এটাতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা চাই আমাদের কোনো মৌসুম যেন মিস না হয়।'
পরে ঢাকা লিগ নিয়ে মিঠুন বলেন, 'এখানে শুধু প্রিমিয়ার লিগ বললে হবে না, তৃতীয় বিভাগও আছে। তৃতীয় বিভাগসহ আরও যা আছে পুরোটার কথা বলতে হবে। মেয়েদের টুর্নামেন্টটাও স্থগিত হয়ে আছে। মেয়েদের ঢাকা লিগের যেই খেলাটা হয় ওইটাও হচ্ছে না, আমি যতটুকু শুনেছি। প্রত্যেকটা খেলা, প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ। যার যার জায়গা থেকে সে অনুভব করছে।'
এসএইচ/এইচজেএস