ভারতকে দেওয়া বিসিসিআই-এর ১৩১ কোটি রুপির ভাগ বাটোয়ারা কীভাবে হবে?

ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের শীর্ষ সাফল্যের পুরস্কার হিসেবে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। পুরো দলকে ১৩১ কোটি রুপি দিতে যাচ্ছে ভারতের শীর্ষ ক্রিকেট সংস্থা।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মার দলকে ১২৫ কোটি রুপি দিয়েছিল বিসিসিআই। এবার নিজেদের সেই রেকর্ড ভেঙে দিলো মিঠুন মানহাসের বোর্ড। আগের চেয়ে ৬ কোটি রুপি বেশি ঘোষণা করা হয়েছে।
নিউজিল্যান্ডকে ফাইনালে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এনিয়ে রেকর্ড তৃতীয় শিরোপা জিতেছে তারা এবং প্রথম স্বাগতিক দেশ হিসেবে এই সাফল্য পেল মেন ইন ব্লু।
এত বিশাল অঙ্কের অর্থ পুরস্কার কীভাবে ভাগ বাটোয়ারা হবে, সেটা এক প্রতিবেদনে জানিয়েছে পিটিআই। ভারতীয় সংবাদ সংস্থাটির তথ্য অনুযায়ী, এই পুরস্কার স্কোয়াডের ১৫ খেলোয়াড়, কোচিং স্টাফ ও অন্য সাপোর্ট স্টাফদের মধ্যে বণ্টন করা হবে।
বিসিসিআই এই ব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি। তবে সূত্রগুলো পিটিআই-কে বলেছে, ১৩১ কোটি রুপির সিংহভাগ পাবেন ক্রিকেটাররা। সেটা ৫ কোটি রুপি করে হবে বলে মনে করা হচ্ছে। আর বাকি রুপি সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করা হবে ‘পদমর্যাদা অনুযায়ী’।
প্রধান কোচ গৌতম গম্ভীর পাঁচ কোটি রুপি পেতে পারেন। আর তার সহকারী কোচেরা আড়াই কোটি রুপি করে। রিজার্ভ খেলোয়াড় ও সিলেকশন কমিটির প্রত্যেকে এক কোটি রুপি করে এবং অন্য সাপোর্ট স্টাফ যেমন ভিডিও অ্যানালিস্ট ও ফিজিওদের ভাগে পড়বে লাখ থেকে কোটি রুপি।
এফএইচএম/