মিরাজের জায়গায় থাকলে সালমান কী করতেন?

অস্বাভাবিক আর বিব্রতকর পরিস্থিতির শিকার হয়ে মাঠ ছাড়তে হলো সালমান আগাকে। বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ওয়ানডেতে তাকে বিতর্কিত রান আউট করলেন, যা নিয়ে চলছে পক্ষে-বিপক্ষে আলোচনা ও সমালোচনা। কারো মনে প্রশ্ন উঠেছে, মিরাজের জায়গায় সালমান থাকলে কী করতেন? রান আউট করার সুযোগ পেয়েও কি ক্রিকেটীয় চেতনাকে প্রাধান্য দিতেন তিনি?
বিজ্ঞাপন
ঘটনা পাকিস্তানের ৩৯তম ওভারের, যখন দুই খেলোয়াড়ই নন স্ট্রাইকার্স এন্ডের কাছে দাঁড়ানো। মোহাম্মদ রিজওয়ানের খেলা শটে বল থামাতে চেয়েছিলেন মিরাজ। সামনে ছিলেন সালমান। তার গায়ে সেঁটে থাকা বাংলাদেশ অধিনায়কের পায়ে বল বাধা পেয়ে সালমানের ব্যাটে লেগে তার পায়ের কাছে থামে। মিরাজ ভারসাম্য হারিয়ে একটু পিছিয়ে পড়েছিলেন। সালমান তাকে বল তুলে দিতে নিচু হন। কিন্তু তার আগেই বল কুড়ে নিয়ে স্টাম্প ভাঙেন স্বাগতিক অধিনায়ক। তখন পপিং ক্রিজের বাইরে ছিলেন সালমান। ক্রিকেটীয় নিয়ম মেনে আউট দেন থার্ড আম্পায়ার। তবে স্পোর্টসম্যানশিপ স্পিরিট নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।
সংবাদ সম্মেলনে এনিয়ে প্রশ্ন শুনতে হলো সালমানকে। তিনি বললেন, ‘আমি মনে করি স্পোর্টসম্যান স্পিরিট থাকা উচিত। সে (মিরাজ) যা করেছে, তা নিয়মের মধ্যেই আছে। আমি মনে করি সে যদি এটাকে সঠিক মনে করে, তবে এটা সঠিক। কিন্তু আপনি যদি আমার দৃষ্টিভঙ্গি জানতে চান, আমি অন্যভাবে করতাম। আমি স্পোর্টসম্যান স্পিরিটকে বেছে নিতাম। আমরা আগে কখনো এমন কিছু করিনি, ভবিষ্যতেও কখনো এমনটা করব না।’
বিজ্ঞাপন
সালমান বললেন, প্যাড-ব্যাটে লাগার পর ডেড হয়েছে ভেবেই বল তুলতে গিয়েছিলেন তিনি। তার কথা, ‘আসলে বল আমার প্যাডে, তারপর ব্যাটে লাগল। তাই আমি ভেবেছিলাম এখন তো আর রান আউট করতে পারবে না, কারণ বল ইতোমধ্যে আমার ব্যাট-প্যাডে লেগেছে। আমি শুধু তাকে বল ফিরিয়ে দিতে চেয়েছিলাম। কোনো রান বা তেমন কিছু করার ইচ্ছা ছিল না। কিন্তু সে ততক্ষণে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল (রান আউট করার)।’
থার্ড আম্পায়ার আউট দেওয়ার পর লিটন দাসের সঙ্গে বাগবিতণ্ডা হয়েছিল সালমানের। রাগে গ্লাভস, হেলমেটও ছুড়ে মারেন মাটিতে। এসব কিছুই ছিল ‘হিট অব দ্য মোমেন্ট’, এমন প্রতিক্রিয়া দেখিয়ে অনুতপ্ত পাকিস্তান অধিনায়ক, ‘এটি কেবল হিট অব দ্য মোমেন্টের একটি বিষয় ছিল। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কী করতাম, আমি বিষয়টি অন্যভাবে সামলাতাম। কিন্তু যা ঘটেছে, তার পরবর্তী সবকিছুই ছিল সেই মুহূর্তের আবেগে। আমি কী বলছিলাম তা আমার মনে নেই এবং সে কী বলছিল তাও মনে নেই। আমি নিশ্চিত আমি ভালো কিছু বলছিলাম না, আর সেও নিশ্চিতভাবে ভালো কিছু বলছিল না। তবে এটি কেবল সেই মুহূর্তের উত্তাপ ছিল, তাই আমরা এখন ঠিক আছি।’
ঘটনার পর মিরাজের সাথে মিটমাট হয়েছে কি না জানতে চাইলে সালমান বলেন, তিনি সময়মতো সেটা করে নেবেন, ‘আমি এখনো (মিটমাট) করিনি, কিন্তু চিন্তা করবেন না। সবকিছু ঠিক আছে।’
বিজ্ঞাপন
এসএইচ/এফএইচএম