মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত চলছে। পশ্চিম এশিয়ার চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন দেশে। আমেরিকা-ইসরায়েল-ইরান সংঘাতের জেরে এবার আইপিএলকে ঘিরে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতে এলপিজি গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ কারণে ২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া কোটি টাকার টুর্নামেন্ট নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বিজ্ঞাপন
গ্যাস সংকটের কারণে আইপিএলে কেন প্রভাব পড়বে, এই প্রশ্ন উঠতে পারে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্টেডিয়ামের ফ্লাডলাইটের জন্য জ্বালানি লাগে এবং হাজার হাজার অতিথিদের জন্য হোটেলে রান্না করতে হয়। এলপিজির অভাবে তা ব্যাহত হতে পারে। পশ্চিম এশিয়ার আকাশপথে নিষেধাজ্ঞার কারণে বিদেশি ক্রিকেটারদের ভারতে আসা কঠিন হয়ে পড়েছে। ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ভারত থেকে দেশে ফিরতে জটিলতার মুখোমুখি হয়েছিল। এছাড়া জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দলগুলির এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের খরচও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বোর্ডের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, তারা হোটেল মালিকদের সঙ্গে কথা বলছেন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পরিস্থিতি আরও খারাপ না হলে সূচিতে কোনো পরিবর্তন হবে না। এই পরিস্থিতি নিয়ে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, ‘আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি। এখনই কিছু বলা সম্ভব নয়। কারণ, পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। তবে প্রয়োজন অনুযায়ী, আমরা সঠিক সিদ্ধান্ত নেব।’
এফএইচএম/