ট্রান্সফার নিষেধাজ্ঞার পাশাপাশি রেকর্ড জরিমানা চেলসির

সাবেক মালিক রোমান আব্রামোভিচের আমলে দলবদলের ক্ষেত্রে ‘গোপন পেমেন্ট’ দেওয়ার কথা স্বীকার করে নিয়েছে চেলসি। এই অনিয়মের দায়ে রেকর্ড ১ কোটি পাউন্ড জরিমানা করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ক্লাবটিকে। এছাড়া ক্লাবটির ওপর দুই বছরের জন্য একটি স্থগিত ট্রান্সফার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
তদন্তে দেখা গেছে, ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে বেশ কিছু হাই-প্রোফাইল খেলোয়াড়- এডেন হ্যাজার্ড, স্যামুয়েল ইতো, উইলিয়ান, রামিরেজ এবং ডেভিড লুইজদের দলবদলের সময় নিবন্ধিত নয় এমন এজেন্ট ও তৃতীয় পক্ষকে প্রায় ৪ কোটি ৭০ লক্ষ পাউন্ড গোপন অর্থ দেওয়া হয়েছিল। তবে এই অনিয়মের পেছনে খেলোয়াড় বা কোচদের কোনো দায় খুঁজে পাওয়া যায়নি।
চেলসির বর্তমান মালিক টড বোহলি ২০২২ সালে ক্লাব কেনার পর নিজেরাই এই আর্থিক অসংগতিগুলো প্রিমিয়ার লিগের কাছে রিপোর্ট করেন। ক্লাব কর্তৃপক্ষের এই সহযোগিতামূলক আচরণের কারণে জরিমানার অংক ২ কোটি পাউন্ড থেকে কমিয়ে ১ কোটি পাউন্ড করা হয়েছে। প্রিমিয়ার লিগ জানিয়েছে, চেলসি নিজেরাই এগিয়ে আসায় এবং তথ্য দিয়ে সহায়তা করায় বড় কোনো পয়েন্ট কাটার শাস্তি দেওয়া হয়নি।
মূল দলের ওপর বড় কোনো তাৎক্ষণিক নিষেধাজ্ঞা না আসলেও চেলসির একাডেমির ওপর ৯ মাসের ট্রান্সফার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে একাডেমি খেলোয়াড় নিবন্ধনে নিয়ম ভঙ্গের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর সাথে আরও ৭ লক্ষ ৫০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে চেলসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘শুরু থেকেই ক্লাব এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং সমস্ত নিয়ন্ত্রক সংস্থাকে পূর্ণ সহযোগিতা প্রদান করেছে।’
এমএমএম/