ভিনিসিয়ুসকে বানর বলে গালি: ২১ মাসের কারাদণ্ডের মুখে সমর্থক

ফুটবল মাঠে বর্ণবাদ দমনে এবার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে স্পেনের বিচার বিভাগ। রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে লক্ষ্য করে ‘বানর’ বলে গালি ও কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করার দায়ে সেভিয়ার এক সমর্থকের বিরুদ্ধে এক বছর ৯ মাস (২১ মাস) কারাদণ্ডের আবেদন করেছে পাবলিক প্রসিকিউটর অফিস।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটে ২০২৩ সালের অক্টোবরে রিয়াল মাদ্রিদ ও সেভিয়ার ম্যাচে। সেভিয়ার মাঠ র্যামন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে খেলার সময় অভিযুক্ত সমর্থক বারবার ভিনিসিয়ুসকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেন। শুধু ‘বানর’ বলে ডাকার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি ও শব্দ করে তাকে অপমান করার অভিযোগও রয়েছে।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, এসব আচরণ ছিল স্পষ্টভাবে বর্ণবাদী এবং খেলোয়াড়ের গায়ের রঙকে লক্ষ্য করে করা। এতে ভিনিসিয়ুসের ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং তার মধ্যে লজ্জা, অপমান ও হতাশার অনুভূতি তৈরি হয়েছে। ঘটনাটি সরাসরি টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে বৃহৎ দর্শকের সামনে ঘটায় এর প্রভাব আরও গুরুতর হিসেবে বিবেচিত হচ্ছে।
এই ঘটনায় মামলা প্রক্রিয়ায় যুক্ত হয়েছে লা-লিগা ও রিয়াল মাদ্রিদ। অপরদিকে ঘটনা প্রকাশ্যে আসার পরই অভিযুক্ত সমর্থককে স্টেডিয়াম থেকে বহিষ্কার করে সেভিয়া।
বিজ্ঞাপন
আগামী ২৯ এপ্রিল সেভিল প্রাদেশিক আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে। অভিযোগ প্রমাণিত হলে ওই সমর্থকের এক বছর নয় মাসের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি দুই বছরের জন্য স্টেডিয়ামে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
লালিগায় বর্ণবাদবিরোধী অবস্থান দিন দিন কঠোর হচ্ছে। এই রায় কার্যকর হলে স্প্যানিশ শীর্ষ লিগে এটি হবে বর্ণবাদ সংক্রান্ত নবম শাস্তির ঘটনা। ভিনিসিয়ুস নিজেও একাধিকবার এমন ঘটনার শিকার হয়েছেন। একই ধরনের বর্ণবাদী আচরণের মুখে পড়েছেন আরও কিছু খেলোয়াড়ও।
এমএমএম/