বিজ্ঞাপন

হলুদ কার্ড বিতর্কের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জয়বঞ্চিত ইংল্যান্ড

অ+
অ-
হলুদ কার্ড বিতর্কের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জয়বঞ্চিত ইংল্যান্ড

ফিফা ‍উইন্ডোতে নিজেদের শক্তি ও দুর্বলতার জায়গা চিহ্নিত করে স্কোয়াড সাজানোর লক্ষ্যে মাঠে নেমেছে ২০২৬ বিশ্বকাপ খেলতে যাওয়া দলগুলো। ইংল্যান্ড ও উরুগুয়ের ম্যাচে অবশ্য খেলার চেয়ে নাটকীয়তা ছিল বেশি। দুয়ো শোনার পর বেন হোয়াইটের গোল, দুটি হলুদ কার্ড দেখালেও তা লাল কার্ডে পরিণত না হওয়া এবং শেষ মুহূর্তের পেনাল্টিতে সমতায় ফেরে উরুগুয়ে। ম্যাচটি শেষ হয় ১-১ ড্রতে।

বিজ্ঞাপন

গতকাল (শুক্রবার) দিবাগত রাতে ওয়েম্বলিতে লাতিন পরাশক্তিদের আতিথ্য দেয় থমাস টুখেলের ইংল্যান্ড। প্রীতি ম্যাচ বলেই কি না অধিকাংশ সময়ে দুই দলের দ্বৈরথ ছিল নিষ্প্রাণ। রক্ষণ দেয়াল টপকাতে পারছিল না কেউই। ম্যাচের দুটি গোলই হয়েছে ৮০ মিনিটের পর। ইংলিশদের পক্ষে বেন হোয়াইট গোল করার পর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে তাদের জয় কেড়ে নেন ফেদে ভালভার্দে।

ম্যাচটি ছিল ইংলিশ ডিফেন্ডার বেঞ্জামিন উইলিয়াম হোয়াইটের জন্য কয়েক স্তরে মিশ্র প্রতিক্রিয়ায় সাজানো। ২০২২ বিশ্বকাপের দল থেকে ব্যক্তিগত কারণে সরে যাওয়া ২৮ বছর বয়সী এই তারকা মাঠে নামার সময় দুয়ো শুনলেন। এরপর তার গোলেই লিড পায় ইংলিশরা। আবার গোল হজমেও অবদান রেখে আবার ‘খলনায়ক’ হোয়াইট। তার ফাউল থেকেই উরুগুয়ে ম্যাচের ফেরার সুবর্ণ সুযোগ পেয়ে যায়। ম্যাচজুড়ে অবশ্য পজেশনে (৬৩ শতাংশ) দাপট ছিল স্বাগতিকদের, পাশাপাশি ৯ শটের ৪টি লক্ষ্যে ছিল। বিপরীতে ৮ শটের স্রেফ একটি লক্ষ্যে রাখতে পারে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে।

Ben White and his team-mates celebrate

খেলায় ইংলিশরা প্রথম সুযোগ পেলেও, কর্নারে আসা বলে হ্যারি ম্যাগুয়েরের হেডটি লক্ষ্যে ছিল না। উরুগুয়ের সুযোগ তৈরিতে অপেক্ষা করতে হয়েছে ২৭ মিনিট পর্যন্ত, তবে আগুস্তিন কানোবিও শট লক্ষ্যে রাখতে ব্যর্থ। বিরতির আগে বিপদে পড়তে যাচ্ছিল টুখেলের দল। ভালভার্দের শট কোনোমতে বাধা পায় ইংলিশ রক্ষণে। বিরতির পরও ম্যাচ সেই ম্যাড়ম্যাড়ে গতিতে আগাতে থাকে। ৭১ মিনিটে কোল পালমার ফ্রি-কিক থেকে দারুণ এক সুযোগ তৈরি করেন, যদিও ডোমিনিক কালভার্ট-লুইনের কাছ থেকে নেওয়া হেড লক্ষ্যে ছিল না।

বিজ্ঞাপন

৬৯ মিনিটে দুয়ো শুনতে শুনতে বদলি হিসেবে মাঠে নামেন হোয়াইট। ১২ মিনিট বাদেই তিনি স্কোরশিটে নাম তোলেন। পালমারের ফ্লিক পুরোপুরি বাঁচাতে পারেননি উরুগুয়ে গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। বল পেয়ে কাছ থেকে জালে জড়ান ইংলিশ ডিফেন্ডার। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে হোয়াইট ফাউল করে বসেন উরুগুয়ে ফরোয়ার্ড ফেদেরিকো ভিনিয়াসকে। ভিএআরে পেনাল্টির রায় দিলে ভালভার্দে স্পটকিকে গোল করেন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সর্বশেষ ৬ ম্যাচে ৭ গোল হলো এই রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের। ম্যাচটিও শেষ হয় ১-১ সমতায়।

Image

এর আগে ম্যাচের মাঝে ঘটে নাটকীয় ঘটনা। দ্বিতীয়ার্ধে পালমারের সঙ্গে ঝামেলা বাধিয়ে প্রথম হলুদ কার্ড দেখেন উরুগুয়ে মিডফিল্ডার ম্যানুয়েল উগার্তে। কিছুক্ষণ বাদে রেফারির সোয়েন জাবলনস্কির সঙ্গে তর্ক করায় আরেকটি হলুদ কার্ড দেখানো হয় তাকে। ফলে সেটি লাল কার্ডে পরিণত হয়ে উগার্তে মাঠ ছাড়ার কথা। তবে ম্যানচেস্টার ইউনাইটেড তারকাকে খেলা চালিয়ে দিতে দেন রেফারি। খানিক বাদে উরুগুয়ে কোচ বিয়েলসা উগার্তেকে তুলে তার বদলি নামান। পরে জানা গেছে, বাতিল করা হয়েছে তার দ্বিতীয় হলুদ কার্ডটি!

এএইচএস