বিজ্ঞাপন

‘এটি অফ-ফর্ম নয়, বরং শেখার চ্যালেঞ্জ’

অ+
অ-
‘এটি অফ-ফর্ম নয়, বরং শেখার চ্যালেঞ্জ’

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ কিংস ম্যানের হয়ে শুরুটা আশানুরূপ হয়নি তারকা অলরাউন্ডার সাইম আইয়ুবের। বিশেষ করে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচে মাত্র ৮ রানে আউট হওয়ার পর তার বর্তমান ফর্ম নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তবে এসব আলোচনাকে পাত্তাই দিচ্ছেন না এই তরুণ তুর্কি। তার মতে, এটি কোনো অফ-ফর্ম নয়, বরং ক্যারিয়ারের একটি নতুন চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন

জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইম আইয়ুব বলেন, ‘আমি একে অফ-ফর্ম বলতে রাজি নই। এটি আমার জন্য একটি চ্যালেঞ্জ। ক্যারিয়ারে এমন সময় আসতেই পারে। আমি সবসময় শেখার এবং উন্নতির চেষ্টা করি। ফল কী হবে তা নিয়ে আমি চিন্তিত নই, আমার পুরো মনোযোগ থাকে সঠিক প্রক্রিয়ার ওপর।’

নতুন দল হায়দরাবাদ কিংস ম্যানের পরিবেশ নিয়ে দারুণ উচ্ছ্বসিত সাইম। বিশেষ করে অধিনায়ক মার্নাস লাবুশেনের প্রশংসা করে তিনি বলেন, ‘হায়দ্রাবাদের পরিবেশ আমার প্রত্যাশার চেয়েও অনেক ভালো। আমাদের অধিনায়ক মার্নাস লাবুশেন খুব হাসিখুশি একজন মানুষ। দলের ভেতর খুব বন্ধুত্বপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং আমরা সবাই বেশ উপভোগ করছি।’

পিএসএলের অন্যতম দামি খেলোয়াড় হিসেবে সাইমের ওপর প্রত্যাশার চাপ আকাশচুম্বী। তবে কোচ ও ম্যানেজমেন্টের পরিকল্পনায় তিনি খুশি। সাইম জানান, ‘আমাদের অস্ট্রেলিয়ান অধিনায়ক এবং কোচ দুজনই আক্রমণাত্মক ক্রিকেটে বিশ্বাসী। ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং- সবক্ষেত্রেই আমাদের আগ্রাসী হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।’

বিজ্ঞাপন

এক সময় অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই ক্রিকেটার জানান, ব্যক্তিগত অর্জন নিয়ে তিনি কখনোই ভাবেন না। তার ভাষায়, ‘আমি কখনো এক নম্বর বা দুই নম্বর হওয়ার জন্য খেলি না। র‍্যাঙ্কিং আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার লক্ষ্য হলো ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং- তিন বিভাগেই অবদান রেখে দলকে জেতানো।’

এমএমএম/