মালদ্বীপে চলমান সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশের জার্সিতে এখন উড়ছেন আমেরিকান প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। দুই ম্যাচে দুই গোল আর এক অ্যাসিস্ট করে ইতোমধ্যেই তিনি ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে। পহেলা এপ্রিল নেপালের বিপক্ষে সেমিফাইনালে নামার আগে রোনান স্পষ্ট জানিয়ে দিলেন, এবার লক্ষ্য জোড়া গোল।
বিজ্ঞাপন
আজ অনুশীলন শেষে বাফুফের দেয়া এক ভিডিও বার্তায় বলেন, ‘এটা একটা কঠিন ম্যাচ হবে। আমরা দল হিসেবে খেলে জয়ী হতে চাই।' নেপালের জন্য বিশেষ কোনো ভাবনা রয়েছে কি না প্রশ্নের জবাবে রোনান বলেন, ‘দুই গোল মনে করি সঠিক হবে।'
রোনানকে নিয়ে বাংলাদেশের ফুটবলাঙ্গনে আগ্রহ প্রচুর। ফুটবলপ্রেমীরা তার সম্পর্কে অনেক জানতে চায়। সেমিফাইনাল ম্যাচের এক দিন আগে বাফুফে ভিডিও সরবারহ করলেও সেটা একেবারেই অপর্যাপ্ত। রোনানের ভিডিও মাত্র ১৫ সেকেন্ড দিলেও টিম ম্যানেজার সামিদ কাশেমের দুই মিনিটের বেশি সময় বক্তব্য সরবারহ করেছে। যা অনেকটাই নিষ্প্রয়োজন।
ডেভলপমেন্ট কমিটিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক ছাইদ হাসান কানন, শফিকুল ইসলাম মানিকের মতো ব্যক্তিরা থাকলেও সামিদ কাশেমের প্রভাবই বেশি পরিলক্ষিত মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা। বয়স ভিত্তিক ফুটবলাররা আবেগী ও অপেশাদার। এই দলের ম্যানেজারকে এগুলো সামাল দেয়ার কথা। উল্টো ম্যানেজারও মেজাজ এবং পরিস্থিতি ভুলে কখনো মাঠে ঢুকেন এবং উত্তেজিত হয়ে পড়েন। এতে হলুদ কার্ডও দেখেছেন।
বিজ্ঞাপন
গত পরশু ভারতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। গতকাল ছিল রিকভারি সেশন। আজ অনুশীলনে ফিরেছে। বাংলাদেশ অ-২০ দলের আরেক ফুটবলার চন্দন রায় বলেন, ‘আমরা মানসিকভাবে ফিট রয়েছি। সেমিফাইনালের আগে আরেকটি সেশন করে আমরা খেলব।’
পহেলা এপ্রিল নেপালের বিপক্ষে বাংলাদেশের সেমিফাইনালপর্বের ম্যাচ। অন্য সেমিফাইনাল ম্যাচে লড়বে ভারত ও ভুটান।
এজেড/এমএমএম
