বাংলাদেশ আগামী বছর অনুষ্ঠিতব্য এশিয়ান কাপে খেলতে পারবে না। এশিয়ান কাপ বাছাইয়ে আগামীকাল শেষ ম্যাচে তাই জয় দিয়ে শেষ করতে চায় বাংলাদেশ। আজ সিঙ্গাপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এমন আশাই ব্যক্ত করেছেন।
বিজ্ঞাপন
এশিয়ান কাপ বাছাইয়ে হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে মোট ছয়টি ম্যাচ। পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশ ৫ পয়েন্ট পেয়েছে। আগামীকাল সিঙ্গাপুরকে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের যাত্রা শেষ করতে চান কোচ হ্যাভিয়ের ক্যাবেররা, 'এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। এখানে আমরা খুব ভালো পারফরম্যান্স করেছি কিন্তু সম্ভবত আমরা যা আশা করেছিলাম তার চেয়ে কম পয়েন্ট পেয়েছি। তাই আমরা একটি ভালো সমাপ্তি চাই। আমরা আগামীকাল একটি শক্তিশালী পারফরম্যান্স দেখাতে চাই এবং ৩ পয়েন্টের জন্য লড়াই করতে চাই।'
আগামীকাল জয়কে বেশ গুরুত্বপূর্ণ মনে করার খানিকটা ব্যাখ্যাও দিয়েছেন কোচ ক্যাবরেরা, 'বড় কথা হলো আগামীকাল গুরুত্বপূর্ণ কিছু অর্জনের দায়িত্ব। আগামীকাল আমাদের সুযোগ আছে ৮ পয়েন্ট নিয়ে শেষ করার এবং শেষ তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট পাওয়ার। এটাই আমাকে সত্যি রোমাঞ্চিত করছে। ইতিবাচক দিক হলো দল নিশ্চিতভাবেই উন্নতির দিকে আছে এবং আগামীকাল আমাদের সামনে সেটি দেখানোর আরেকটি সুযোগ আছে।'
অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট প্রত্যাশা করলেও ঢাকায় হোম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১-২ গোলে হেরেছিল। সেই ম্যাচের শিক্ষা থেকে বাংলাদেশের কোচ বলছেন, 'প্রথম ম্যাচটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। ওই ম্যাচে আমাদের শুরুটা খুব ভালো ছিল কিন্তু কোনোভাবে আমরা শক্তি হারিয়ে ফেলি এবং ম্যাচের মাঝামাঝি সময়ে সিঙ্গাপুর সেই সুযোগগুলো খুব ভালোভাবে কাজে লাগায়। আমাদের দুটি ভুলের সুযোগ নিয়ে সিঙ্গাপুর ম্যাচটি জিতে নেয়। তবে আপনাদের যদি মনে থাকে, শেষ ২০-৩০ মিনিটে আমাদের অন্তত এক পয়েন্ট পাওয়ার অনেক সুযোগ ছিল। তাই আমরা আগামীকাল অন্তত একই স্তরের প্রতিদ্বন্দ্বিতা আশা করছি। আমরা জানি আগামীকাল আমাদের কাছ থেকে প্রত্যাশা কেমন। আমরা প্রথম ম্যাচের সমান স্তরে থেকে একটি কঠিন লড়াই দিতে চাই।'
বিজ্ঞাপন
এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ধাপে ছয় গ্রুপে চারটি করে দল খেলছে। সি গ্রুপ থেকে ইতোমধ্যে সিঙ্গাপুর এশিয়া কাপ নিশ্চিত করেছে। এশিয়ান কাপ নিশ্চিত করা দল অত্যন্ত শক্তিশালী এবং তাদের নিজেদের মাটিতে। প্রতিপক্ষ নিয়ে বাংলাদেশের কোচ বলেন, 'আমি মনে করি সিঙ্গাপুরের বর্তমান কোচ জাপানি কোচ ওগুরার ধারাবাহিকতা বজায় রাখছেন। তাদের খেলায় আপনি অনেক একই ধরনের মূলনীতি এবং একই খেলোয়াড়দের প্রায় একইভাবে খেলতে দেখবেন। আমি মনে করি এটি তার জন্য একটি খুব আকর্ষণীয় সুযোগ এবং ফেডারেশনের একটি দুর্দান্ত সিদ্ধান্ত। সিদ্ধান্ত নেওয়ার পর থেকে তারা অবশ্যই খুব সফল হয়েছে। তাদের এবং কোচকে অভিনন্দন, কারণ তারা এটির যোগ্য। তারা খুব ইতিবাচক ফুটবল খেলছে এবং চূড়ান্ত রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে।'
এজেড/এইচজেএস
