পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিতে ১১ রানের রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ দল। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা। আর সেই সিরিজ দিয়েই প্রধান নির্বাচকের দায়িত্ব শেষ হয় গাজী আশরাফ হোসেন লিপুর।
বিজ্ঞাপন
নিজের শেষ আন্তর্জাতিক সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে গিয়েছিলেন লিপু। পরে ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের কাছ থেকে বিদায় নেন হাসিমুখেই। বাংলাদেশ ক্রিকেটে সুন্দরভাবে নিজের দায়িত্ব পালন শেষে এমন বিদায় খুব একটা দেখা যায় না। তবে সেই রীতি ভালোভাবেই শেষ করেছেন দেশের ওয়ানডে ক্রিকেটে প্রথম এই অধিনায়ক।
সেদিন ক্রিকেটারদের উদ্দেশে উপদেশমূলক কথাও বলেছিলেন লিপু। আন্তর্জাতিক ক্রিকেটের দায়িত্ব শেষ হলেও ঘরোয়া ক্রিকেট নিয়ে এতদিন কাজ করেন তিনি। আজ ৩১ মার্চ ছাড়লেন আনুষ্ঠানিক দায়িত্ব। এদিন মিরপুরে এসে নিজের শেষ কর্মদিবস হিসেবে কাজ করেন লিপু। জানা গেছে, দ্রুতই বিসিবি থেকে পাবেন সম্মাননা।
এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে জাতীয় দলের প্রধান নির্বাচক হয়েছিলেন লিপু। নতুন করে আর চুক্তি নবায়ন করেননি তিনি। এদিকে নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার সুমন। এছাড়া সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন নাঈম ইসলাম এবং নাদিফ চৌধুরি।
বিজ্ঞাপন
এসএইচ/এমএমএম
