দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা কাউন্টি ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেছেন ইংল্যান্ড জাতীয় দলের সাবেক তারকা অলরাউন্ডার রবি বোপারা। সারের বিপক্ষে সাসেক্সের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলার পর এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
বিজ্ঞাপন
২০০২ সালে এসেক্সের হয়ে কাউন্টি ক্যারিয়ার শুরু হয়েছিল বোপারার। দীর্ঘ ১৮ বছর সেখানে কাটানোর পর ২০২০ সালে সাসেক্সে যোগ দেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজারের বেশি রান এবং ২৫০টিরও বেশি উইকেট নিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার।
ইংল্যান্ডের হয়ে ১৩টি টেস্ট, ১২০টি ওয়ানডে এবং ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রবি বোপারা। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন টেস্টে সেঞ্চুরি করা ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময়।
অবসরের ঘোষণা দিয়ে বোপারা বলেন, ‘কাউন্টি ক্রিকেট আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ছিল। এসেক্স এবং সাসেক্সের হয়ে কাটানো প্রতিটি মুহূর্ত আমি সারাজীবন মনে রাখব। শরীর এখন সায় দিচ্ছে না, তাই এটাই সরে দাঁড়ানোর সঠিক সময়।’
বিজ্ঞাপন
তবে কাউন্টি ক্রিকেট ছাড়লেও বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন কি না, তা নিয়ে এখনও নিশ্চিত কিছু জানাননি বোপারা।
এমএমএম/
