বিজ্ঞাপন

ব্রাজিলের দুটি গোলে অবদান রেখে স্ত্রীকে কৃতিত্ব দিলেন এন্দ্রিক

অ+
অ-
ব্রাজিলের দুটি গোলে অবদান রেখে স্ত্রীকে কৃতিত্ব দিলেন এন্দ্রিক

২০২৩ সালের নভেম্বরে ব্রাজিলে অভিষেক। কিন্তু চলতি মৌসুমের প্রথম ভাগে রিয়াল মাদ্রিদের জার্সিতে অনিয়মিত ছিলেন এন্দ্রিক। তাই কার্লো আনচেলত্তির ব্রাজিল স্কোয়াডে জায়গা হয়নি। ডিসেম্বরে লিওঁতে যোগ দেওয়ার পর ১৪ ম্যাচে ৬ গোল ও পাঁচ অ্যাসিস্টে জাতীয় দলে জায়গা ফিরে পেয়ে নিজেকে প্রমাণ করলেন। স্ত্রী গ্যাবিয়েলি মিরান্দাকে কৃতিত্ব দিলেন তিনি।

বিজ্ঞাপন

ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচে ৭৯তম মিনিটে মাঠে নামেন এন্দ্রিক। ৩-১ গোলের জয়ে দুটিতে অবদান রাখেন তিনি। এই তরুণ তারকা মাঠে নামেন, যখন স্কোর ১-১। ১৯ বছর বয়সী এন্দ্রিক একটি পেনাল্টি আদায় করেন। স্পট কিক থেকে গোল করেন ইগর থিয়াগো। তারপর ব্রাজিলের তৃতীয় গোল বানিয়ে দেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে দিয়ে।

এন্দ্রিক বললেন, ‘আমি মিথ্যা বলব না– ভালো পারফর্ম করার জন্য আমার মধ্যে একটা তাগিদ ছিল। আমার স্ত্রীর কাছ থেকে বার্তা পাওয়ার পর সব চাপ ও ভয় উবে গেল। আমি আমার স্ত্রী ও ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমার জীবনে তাদের পেয়েছি। আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

ফ্রান্সের কাছে ২-১ গোলে হারের ম্যাচে ছিলেন না এন্দ্রিক। ক্রোয়েশিয়ার বিপক্ষে সুযোগ পেলে ভালো করার একটা চাপ ছিল। তিনি বললেন, ‘আমার এই তাগিদ ছিল। আমার স্ত্রী আমাকে বলল, আমি যদি মাঠে নামি, গোল করি বা না করি, সেটাই হবে বিজয়, তারপরই সব চাপ দূর হয়ে গেল।’

আগামী ১৮ মে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। এন্দ্রিক আশাবাদী, ‘ব্রাজিলের জন্য আমরা যেটা করতে পারি, সেটাই করব। আমার সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা কাজ করে যাব, কারণ কঠোর পরিশ্রমের চেয়ে বড় কিছুই নেই।’

এফএইচএম/