মেরুদণ্ডের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের হোয়াইট বল হেড কোচ মাইক হেসনের। লাহোরের একটি হাসপাতালে তার পিঠ থেকে একটি বড় আকারের ফ্যাসেট সিনোভিয়াল সিস্ট অপসারণ করা হয়েছে। আর সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন তিনি।
বিজ্ঞাপন
পিঠে একটি পিণ্ড বা ফোলাভাব অনুভব করার পর হেসন নিউজিল্যান্ডে ফিরে না গিয়ে লাহোরেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। সফল অস্ত্রোপচারের পর পিসিবি মেডিকেল টিম এবং তার সার্জন ডক্টর আসিফ বশরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাইক হেসন।
সুস্থ হওয়ার প্রক্রিয়ায় হেসন তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা মুবাশরের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। তিনি জানান, অসুস্থতার দিনগুলোতে মুবাশর কেবল নিরাপত্তাই দেননি, বরং একজন প্রকৃত বন্ধুর মতো নার্সিং বা সেবা-শুশ্রূষাও করেছেন।
চিকিৎসকরা তাকে দুই সপ্তাহের পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। হেসন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন যে, তিনি নিউজিল্যান্ডে নিজের বাড়িতে পৌঁছেছেন এবং আগামী কয়েক সপ্তাহ পরিবারের সাথেই থাকবেন।
বিজ্ঞাপন
এমএমএম/
