মালদ্বীপের মালেতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ রাত ৯টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচেও শুরুর একাদশে নেই আমেরিকান প্রবাসী ফুটবলার ডেকলান সুলিভান। অবশ্য শুরুর একাদশে আছেন তার ভাই রোনান সুলিভান।
বিজ্ঞাপন
ডেকলান গত ম্যাচে শেষ মিনিট দশেক সুযোগ পেয়ে বেশ মুন্সিয়ানা দেখিয়েছেন। এরপর সমর্থকরা তাকে শুরুতে খেলানোর দাবি করেছিল। তবে বাংলাদেশের কোচিং স্টাফ ফাইনালে ডেকলান ও আরেক প্রবাসী ইব্রাহিমকে শুরুর একাদশের বাইরে রেখেছে।
ডেকলান সুযোগ সেভাবে না পেলেও তার ভাই রোনান দুর্বার। প্রতি ম্যাচেই খেলেছেন। উদ্বোধনী ম্যাচে তার জোড়া গোলেই পাকিস্তানকে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে ভারতের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করা ম্যাচেও রিয়াদকে অ্যাসিস্ট করেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমিতে খেলা রোনান। একটি পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে লাল বাংলাদেশ। সানিদাসের পরিবর্তে সুযোগ পেয়েছেন আব্দুল রিয়াদ ফাহিম।
বাংলাদেশ একাদশ: ইসমাইল হোসেন মাহিন (গোলরক্ষক), মিঠু চৌধুরী (অধিনায়ক), কামাল মৃধা, চন্দন রায়, মোহাম্মদ মানিক, নাজমুল হুদা ফয়সাল, মুরশেদ আলী, রোনান সুলিভান, শেখ সংগ্রাম, আব্দুল রিয়াদ ফাহিম ও ইউসুফ আলী।
বিজ্ঞাপন
এজেড/এমএমএম
