বিজ্ঞাপন

ভারত : রান আউট নিয়ে তর্কে আম্পায়ারকে হত্যা

অ+
অ-
ভারত : রান আউট নিয়ে তর্কে আম্পায়ারকে হত্যা

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের স্থানীয় ক্রিকেটে চাঞ্চল্যকর এক হত্যার ঘটনা ঘটেছে। ক্রিকেট ম্যাচ পরিচালনা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক আম্পায়ার। আহত হয়েছেন আরও একাধিক। 

বিজ্ঞাপন

গত রোববার স্থানীয় দু’টি দলের ক্রিকেট ম্যাচ পরিচালনা করছিলেন ডোলা অজিত বাবু এবং তার বন্ধু বুদুমুরি চিরঞ্জীবী। একটি রান আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয় তর্ক-বিতর্ক। তাতে জড়িয়ে পড়েন দু’দলের ক্রিকেটাররাই। অজিত এবং চিরঞ্জীবী দু’দলের খেলোয়াড়দের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। তাতেও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি কিছুটা উত্তপ্তই ছিল।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিশাখাপত্তনম পুলিশ জানিয়েছে, খেলা শুরু হওয়ার পর কান্তা কিশোর নামে এক দর্শক দু’দলের ক্রিকেটার এবং আম্পায়ারদের উদ্দেশে গালাগালি করতে শুরু করেন। তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে। কিছুক্ষণ পর সমস্যা সমাধানের জন্য কান্তা দুই আম্পায়ারকে তার কাছে ডাকেন। পরিস্থিতি সামলাতে অজিত এবং চিরঞ্জীবী তার কাছে যান। দুই আম্পায়ারের সঙ্গে আরও কয়েকজন সেখানে যান। তাদের মধ্যে ক্রিকেটারদের পাশাপাশি ছিলেন দর্শকরাও। এর পরই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, রানআউট নিয়ে নতুন করে ঝগড়া শুরু হয়। সে সময় কান্তা হঠাৎই পকেট থেকে ছুরি বের করে কোপাতে শুরু করেন অজিতকে। কান্তাকে থামাতে গিয়ে আহত হয়েছেন চিরঞ্জীবী এবং আরও এক দর্শক। ক্ষুব্ধ কান্তাকে থামানোর আগেই গুরুতরভাবে জখম হয়ে যান অজিত। ভয়ে মাঠ ছেড়ে পালিয়ে যান চিরঞ্জীবী। অজিত এবং আহত দর্শককে বাকিরা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা অজিতকে মৃত বলে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

অজিতের বাবা ডোলা আপ্পালা রাজু হত্যার অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ২৬ বছরের কান্তা ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।