অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএপ)। আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে এই আসর, আজ ক্লাবগুলোর সঙ্গে মিটিং শেষে এই সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। ঢাকা লিগ চলাকালে বেশ গরম পড়তে পারে তাই ক্রিকেটারদের অসুস্থ হয়ে পড়ার শঙ্কা থাকতে পারে। এ কারণে মাঠে আইসিইউ অ্যাম্বুলেন্স রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বিজ্ঞাপন
আজকের মিটিং শেষে নতুন এই সিদ্ধান্ত জানানো হয়। হান্নান সরকার বলেন, 'তামিমের ঘটনাটা (হার্ট অ্যাটাক) আমরা গত বছর দেখেছি প্রিমিয়ার লিগের সময়, কোচ জ্যাকি ভাই, আমাদের একজন ফিজিও, অ্যামেচার ক্রিকেটে আমাদের বন্ধু রুবায়েদ খেলা চলা অবস্থায় হার্ট অ্যাটাক করেছিল। এই ধরনের ঘটনাগুলো কিন্তু মাঠে প্রচুর দেখা যাচ্ছে। '
'একটা প্রস্তাব দেওয়া হয়েছিল মেডিকেলের দিক থেকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়। আমাদের সভাপতি নিশ্চিত করেছেন একটা অ্যাম্বুলেন্স যেটায় আইসিইউ সাপোের্ট থাকবে। এই ধরনের একটা অ্যাম্বুলেন্স দেওয়ার চেষ্টা করবেন। যদি সেটা নাও পারেন সর্বোচ্চ যে সুবিধা দেওয়া যায় সেটা দেবেন।'
প্রিমিয়ার লিগে ভেন্যু বাড়ানো নিয়ে নিয়ে হান্নান বলেন, 'আমরা হয়ত নতুন কিছু ভেন্যুও দেখতে পারি যেটা আগে প্রিমিয়ার লিগে দেখি নাই। পিকেএসপি, বিকেএসপি, বসুন্ধরা গ্রাউন্ড, সিলিকন, ক্রিকেটার্স একাডেমিও আলোচনায় আছে। আলোচনা হয়েছে মাঠের অপশনগুলো বাড়ানো যায় কি না, যেগুলো ঢাকার খুব কাছাকাছি।'
বিজ্ঞাপন
এসএইচ/এইচজেএস
