ভালো অবস্থানে থেকেও শেষ দিকে কেন যেন ছন্দ হারায় আর্সেনাল। তারই খেসারত দিতে হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে গত তিন মৌসুমে টানা রানার্সআপ হয়ে। এবারো শেষ ধাপে এসে বড় ধাক্কা খেল গানাররা। আজ (শনিবার) এমিরেটস স্টেডিয়ামে তারা এফসি বোর্নমাউথের কাছে ২-১ গোলে হেরেছে। এই ফলাফলকে ‘মুখে বড় ঘুষি’ খাওয়ার সঙ্গে তুলনা করলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
বিজ্ঞাপন
এমিরেটসে এই ম্যাচটি জিতলে নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানসিটির চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে যেতে পারতো আর্সেনাল। কিন্তু সুযোগ হারাল। আগামীকাল (রোববার) চেলসির বিপক্ষে জিতলে ব্যবধান ছয় পয়েন্টে কমিয়ে আনবে ম্যানসিটি।
ম্যাচ শেষে আর্তেতা বলেছেন, ‘এটা খুবই হতাশাজনক। এটা মুখে একটা বড় ঘুষির মতো। এখন আমরা কী প্রতিক্রিয়া দেখাই সেটা গুরুত্বপূর্ণ। তারা (বোর্নমাউথ) যা করেছে, সেজন্য কৃতিত্ব দিতেই হয়। তারা ১১ ম্যাচ হারেনি, একটাই কারণ তারা অনেক কিছু ঠিকঠাক করেছে।’
তিনি বলে গেলেন, ‘আমরা মাঠে কার্যকরী ছিলাম না। বক্সের মধ্যে তারা আক্রমণে যে প্রথম সুযোগ তৈরি করেছিল, সেগুলো প্রতিহত হয়ে আমাদের রক্ষণের দুর্বলতার কারণে গোলে পরিণত হয়েছে। এখন এই জায়গাগুলোতে শুধরে নিতে হবে আমাদের। দ্বিতীয়ার্ধে ভিন্ন কিছু করতে হতো। কিন্তু আমরা আজ অনেক অদ্ভুত জিনিস করলাম।’
বিজ্ঞাপন
দলের খেলোয়াড়দের সমালোচনা করতে চান না আর্তেতা, ‘আমরা যে মানের খেলা প্রত্যাশা করেছিলাম, তার থেকে অনেক দূরে ছিলাম এটা নিশ্চিত। কিন্তু আবারো আমি কোনো খেলোয়াড়ের সমালোচনা করতে চাই না, বিশেষ করে এখানে।’
খেলোয়াড়রা এই হারে কষ্ট পেয়েছেন কি না প্রশ্নে তার উত্তর, ‘অনেক, কষ্ট পাওয়ারই তো কথা। এটা তারা মাথা পেতে নিয়েছে। হয় আপনাকে দাঁড়িয়ে লড়াই করতে হবে নয়তো আপনি ছিটকে যাবেন (শিরোপার দৌড় থেকে)। এই সপ্তাহ অনেক বড়। অনেক কিছু ঝুঁকিতে। আমরা দুটো প্রতিযোগিতাতেই ভালো অবস্থানে আছি।’
আপাতত আর্সেনালকে মনোযোগ দিচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে। প্রথম লেগে ১-০ গোলে জিতে এগিয়ে আছে তারা। একই সঙ্গে ভাবতে হবে আগামী সপ্তাহে ম্যানসিটির সঙ্গে ম্যাচ নিয়েও।
বিজ্ঞাপন
এফএইচএম/
