বিজ্ঞাপন

আইপিএলে ডাগআউটে মোবাইল ফোন ব্যবহারের সময় কোথায় ছিল দুর্নীতিবিরোধী ইউনিট?

অ+
অ-
আইপিএলে ডাগআউটে মোবাইল ফোন ব্যবহারের সময় কোথায় ছিল দুর্নীতিবিরোধী ইউনিট?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের পর বড় বিতর্কের মুখে পড়েছে রাজস্থান রয়্যালস। ডাগআউটে বসে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গেছে ফ্র্যাঞ্চাইজির টিম ম্যানেজার রমি ভিন্দরকে। বিসিসিআই-এর দুর্নীতিবিরোধী নীতি অনুযায়ী এটি কঠোরভাবে নিষিদ্ধ। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভিন্দর ফোন ব্যবহার করে পিএমওএ (খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের এলাকা) প্রটোকল লংঘন করেছেন।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে ম্যাচের ১১তম ওভারে। ওই ভিডিওতে দেখা যায়, ভিন্দর ১৫ বছর বয়সী ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশীর পাশে বসে আছেন। এমন সময়ে তিনি পকেট থেকে ফোন বের করে কিছু একটা করছিলেন। সূর্যবংশীরও চোখ ছিল মোবাইলের দিকে। এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি কিংবা আইপিএল কর্তৃপক্ষ এনিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ‘পিএমওএ প্রটোকল-২০২৬’-এ বলা হয়েছে, টিম ম্যানেজার ডাগআউটে ফোন নিতে পারবেন, কিন্তু ব্যবহার করা যাবে না। প্রটোকলে বলা আছে, ‘মোবাইল ফোন ও অন্যান্য ইলেক্ট্রনিক যোগাযোগ সরঞ্জাম দলের কিছু নির্দিষ্ট সদস্য ছাড়া পিএমওএ এলকায় ব্যবহার করার অনুমতি নেই।’ টিম ম্যানেজার ড্রেসিংরুম এলাকায় ফোন ব্যবহার করতে পারবেন কিন্তু ডাগআউটে নয়।

বিজ্ঞাপন

সোশাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে যা দেখা গেছে, তাতে ভিন্দরের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী নীতি লংঘন প্রমাণিত হলে ম্যাচ রেফারি ও দুর্নীতিবিরোধী ইউনিট তাকে তলব করতে পারে। বর্তমানে এই ঘটনায় সোশাল মিডিয়াতে ঝড় তুলেছে। এখন দেখার অপেক্ষা আইপিএল গভর্নিং কাউন্সিল কোন পথে হাঁটে।

টাইমস অব ইন্ডিয়া-কে এক আইপিএল কর্মকর্তা বলেছেন, ‘ম্যানেজার ও মিডিয়া ম্যানেজার ফোন রাখতে পারবেন কিন্তু এর ব্যবহার নিয়ে নিয়ম পরিষ্কার। ডাগআউটে এর ব্যবহার গুরুতর অপরাধ। কারণ রমি যে খেলোয়াড়ের পাশে বসে ছিলেন, তিনি তার স্ক্রলিংয়ের সময় তাকিয়ে ছিলেন। এনিয়ে কোনো অস্পষ্টতা নে ই এবং এই বিষয়ে তদন্ত করা কর্মকর্তাদের ওপর নির্ভর করছে।’

সাবেক আইপিএল চেয়ারম্যান ললিত মোদি অবশ্য একে দুর্নীতিবিরোধী নীতি লংঘন বলে রায় দিয়েছেন। আইপিএলের দুর্নীতিবিরোধী ইউনিট এই বিষয়ে এখনো কোনো ব্যবস্থা না নেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি। এক্স-এ তার পোস্ট, ‘ডাগআউটে মোবাইল ফোন- এটা একেবারেই অনুচিত কাজ। এটা কি সত্যিই ঘটেছে? আশা করি ঘটেনি। যদি ঘটেই থাকে, তাহলে আইপিএল গভর্নিং কাউন্সিলের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।’ আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘এটা একেবারেই অনুচিত কাজ। দুর্নীতিবিরোধী ইউনিট কোথায় ছিল?’

বিজ্ঞাপন

এফএইচএম/