বিজ্ঞাপন

বার্সার প্রত্যাবর্তনের মিশনে ইয়ামালের অনুপ্রেরণা লেব্রন জেমস

অ+
অ-
বার্সার প্রত্যাবর্তনের মিশনে ইয়ামালের অনুপ্রেরণা লেব্রন জেমস

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হেরে বসে আছে বার্সেলোনা। তাদের লিগ প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয় লেগে প্রত্যাবর্তনের আশায় কাতালান জায়ান্টরা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দলের তারকা লামিনে ইয়ামাল অনুপ্রেরণা নিচ্ছেন বাস্কেটবল লিজেন্ড লেব্রন জেমসের কাছ থেকে।

বিজ্ঞাপন

স্পটিফাই ক্যাম্প ন্যুতে প্রথম লেগে হেরেছিল বার্সা। এবার খেলতে হবে মাদ্রিদের মাঠে। ওই হারের পর এনবিএ ফাইনালসে লেব্রনের নেতৃত্বে  গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের বিপক্ষে ক্লেভেল্যান্ড ক্যাভালিয়ের্সের ৪-৩ ব্যবধানে জয়ের স্মৃতি ফিরিয়ে একটি মিম তৈরি হয়। সেখানে লেব্রনের একটি ছবি দিয়ে ক্যাপশন ছিল এমন, ‘এনবিএ ফাইনালসের ইতিহাসে কোনো দল ৩-১ গোলে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়াতে পারেনি।’

ভাইরাল বার্সা সংস্করণে বলা হচ্ছে, ‘এফসি বার্সেলোনা কখনো চ্যাম্পিয়ন্স লিগের দুই লেগে অ্যাতলেটিকো মাদ্রিদকে হারাতে পারেনি।’ ইয়ামালও এই মিমের প্রতি সমর্থন জানিয়ে তার ইনস্টাগ্রামের প্রোফাইল ফটোতে রেখেছেন বাস্কেটবল তারকাকে। সোমবার তার নতুন প্রোফাইল ইমেজ নিয়ে সংবাদ সম্মেলনে ইয়ামাল বললেন, ‘লেব্রন এমন একজন, যিনি খেলার জন্য আমার অনুপ্রেরণা। এজন্যই ওটা আমার  ছবি হিসেবে রেখেছি। আমি চিন্তা করছি তিনি কীভাবে করেছিলেন এটা (২০১৬ সালে) এবং আমাদের জন্যও একই ফলাফল আশা করছি।’

চলতি মৌসুমে ইয়ামাল ৪৩ ম্যাচ খেলে ২২ গোল ও ১৮টি অ্যাসিস্ট করেছেন। তরুণ কাঁধে চাপের প্রত্যাশায় বিচলিত নন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড, ‘ছোটবেলা থেকে আমি অনেক দায়িত্ব নিয়েছি, তাই আমি এতে অভ্যস্ত। এটাকে একটা সমস্যা হিসেবে দেখি না। এটা মহৎ গুণ। আমার সতীর্থদের সঙ্গে খেলা উপভোগ করি এবং সৌভাগ্যবশত আমি বার্সার জন্য খেলি, আমাদের বিশ্বমানের খেলোয়াড়রা আছেন- অভিজ্ঞ ও তরুণ মিলে। তাই এটা শুধু আমার একার বিষয় নয়। কিন্তু যদি সেটা হয়, আমার আপত্তি নেই (নেতা হতে)। তবে আসল হলো দল, এবং দলের প্রতি আমার পূর্ণ আস্থা আছে।’

বিজ্ঞাপন

এনিয়ে চলতি মৌসুমে বার্সা ও অ্যাতলেটিকো ষষ্ঠবার মুখোমুখি হচ্ছে। লা লিগায় দুটি ম্যাচেই বার্সা জিতলেও কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে ৪-০ গোলে হেরেছিল। পরের লেগে তারা ঘুরে দাঁড়াতে পারেনি, যদিও ৩-০ গোলে জিতেছিল। সেমিফাইনালে ওঠার জন্য এই স্কোর যথেষ্ট ছিল না।

এবার কাজ কিছুটা সহজ। ৪-০ এর পরিবর্তে ২-০ তে পিছিয়ে বার্সা। যদিও খেলতে হবে প্রতিপক্ষের মাঠে। ইয়ামাল বললেন, ‘পুরো মৌসুমে আমরা যা করেছি আমাদের সেটাই করতে হবে, ব্যাজের জন্য লড়তে হবে এবং সবকিছু উজার করে দিতে হবে। আমাদের নিজেদের খেলা খেলতে হবে, তবে আমাদের খেলার ধরন হারানো যাবে না। এটাই মূল বিষয়।’

তিনি আরও বলেন, ‘ঘুরে দাঁড়াতে অলৌকিকতার প্রয়োজন আছে, এমনটা ভাবা চলবে না। এটা শুধু একটা ম্যাচ। আমরা জানি ম্যাচের শুরু হচ্ছে ২-০ থেকে, আমাদের চেনারূপে খেলব এবং সর্বস্ব দিয়ে দেবো।’

বিজ্ঞাপন

এফএইচএম/