নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। আর এই সিরিজ সামনে রেখে দুই ভেন্যুর উইকেটের কাজ এগিয়েছে সমানতালে। নতুন এডহক কমিটির গ্রাউন্ডস বিভাগ মাঠ ও উইকেট ব্যবস্থাপনায় হাতে নিয়েছিল বিশেষ পরিকল্পনা।
বিজ্ঞাপন
গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, আন্তর্জাতিক মানের উইকেটেই খেলা হবে এই সিরিজ। এদিকে আসন্ন সিরিজের উইকেট কেমন হবে এ নিয়ে গতকাল সোমবার পিচ কিউরেটর টনি হেমিংয়ের সঙ্গে বৈঠক করেন টিম ম্যানেজমেন্টের সদস্যরা।
এই বৈঠকে ছিলেন প্রধান কোচ ফিল সিমন্স, প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস। উপস্থিত থাকা এক সদস্য ঢাকা পোস্টকে জানিয়েছেন স্পোর্টিং উইকেটে খেলা হবে। আগের উইকেটে আর ফেরত যাবে না দল। সেক্ষেত্রে ২৫০ থেকে ২৮০ রানের উইকেট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, আগামী ১৭ এপ্রিল সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ২০ এপ্রিল দ্বিতীয় ম্যাচ, প্রথম দুই ওয়ানডে হবে মিরপুর শের-ই বাংলায়। এরপর তৃতীয় ও শেষ ওয়ানডে (২৩ এপ্রিল) খেলতে দুই দল চট্টগ্রামে উড়াল দেবে। ৫০ ওভারের ম্যাচগুলো শুরু হবে বেলা ১১টায়।
বিজ্ঞাপন
এসএইচ/এমএমএম
