জম্মু-কাশ্মিরের প্রথম বোলার হিসেবে আকিব নবির ইতিহাস

ইতিহাসে প্রথমবার ভারতের দীর্ঘ সংস্করণের প্রতিযোগিতা রঞ্জি ট্রফির ফাইনাল খেলছে জম্মু-কাশ্মির। নিজেদের স্মরণীয় এই আসরকে আরও ঐতিহাসিক করারও সম্ভাবনা জেগেছে তাদের সামনে। কর্ণাটকের বিপক্ষে প্রথম ইনিংসে জম্মু-কাশ্মির ২৯১ রানের বড় লিড পেয়েছে। যেখানে পুরো টুর্নামেন্টের ন্যায় ফাইনালেও বল হাতে আগুন ঝরাচ্ছেন দলটির পেসার আকিব নবি দার। ইতোমধ্যে তিনি ইতিহাসের পাতায়ও নাম লিখিয়েছেন।
জম্মু-কাশ্মিরের প্রথম কোনো বোলার হিসেবে রঞ্জি ট্রফির এক আসরে সর্বোচ্চ উইকেটশিকারের রেকর্ড গড়েছেন ২৯ বছর বয়সী এই ডানহাতি পেসার। ফাইনাল চলমান থাকলেও তাকে ছাড়িয়ে যাওয়ার কারও সুযোগ নেই। ফাইনালের আগে বিদায় নেওয়া উত্তরাখণ্ডের স্পিনার মায়াঙ্ক মিশ্র ৫৯ উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে ছিলেন। ফাইনালের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে তাকে ছাড়িয়ে আকিব নবির শিকার এখন ৬০ উইকেট।
— BCCI Domestic (@BCCIdomestic) February 27, 2026
ডানহাতি এই পেসারের দাপটে তার দলও বড় লিড পেয়ে যায় কর্ণাটকের বিপক্ষে। প্রথম ইনিংসে জম্মু-কাশ্মির এক সেঞ্চুরি ও পাঁচ হাফসেঞ্চুরিতে ৫৮৪ রানের বড় পুঁজি গড়ে। ব্যক্তিগত সর্বোচ্চ ১২১ রান করেছেন সুভম পুন্ডির। বিপরীতে কর্ণাটকের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন প্রসিধ কৃষ্ণা। এরপর নিজেদের প্রথম ইনিংসে তারকা ব্যাটার মায়াঙ্ক আগারওয়াল ১৬০ রানের ইনিংস খেললেও কর্ণাটক ২৯৩ রানে গুটিয়ে যায়। ফলে ২৯১ রানের বড় লিড পায় জম্মু-কাশ্মির। তাদের হয়ে ২৩ ওভারে ৫৪ রানের বিনিময়ে আকিব নবি ৫ উইকেট নিয়েছেন।
দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নিজেদের লিড আরও বাড়িয়ে নিয়েছে জম্মু-কাশ্মির। ৭২ রানে তৃতীয় উইকেট হারানোর পর এখন পর্যন্ত তাদের লিড ৩৬৮ রান। এখন চলছে চতুর্থ দিনের খেলা। সেই হিসেবে প্রথমবার রঞ্জি ট্রফির ফাইনালে উঠে কর্ণাটকের বিপক্ষে জম্মু-কাশ্মির ইতিহাসগড়ে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা তৈরি করেছে।
— Delhi Capitals (@DelhiCapitals) February 27, 2026
এদিকে, এখন পর্যন্ত রঞ্জি ট্রফির ইতিহাসে নির্দিষ্ট আসরে মাত্র সপ্তম বোলার হিসেবে ন্যূনতম ৬০ উইকেট শিকার করলেন আকিব নবি। এখনও দ্বিতীয় ইনিংস বাকি থাকায় তার উইকেটসংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে।
রঞ্জি ট্রফির এক মৌসুমে সর্বোচ্চ উইকেটের তালিকায় আছেন যথাক্রমে– বিদর্ভের হার্শ দুবে (২০২৪-২৫ মৌসুমে ৬৯ উইকেট), বিহারের আশুতোষ আমান (২০১৮-১৯ মৌসুমে ৬৮ উইকেট), সৌরাষ্ট্রের জয়দেব উনাদকাট (২০১৯-২০ মৌসুমে ৬৭ উইকেট), দিল্লির বিশান সিং বেদি (১৯৭৪-৭৫ মৌসুমে ৬৪ উইকেট), কর্ণাটকের দুদা গণেশ (১৯৯৮-৯৯ মৌসুমে ৬২ উইকেট), হায়দ্রাবাদের কনওয়ালজিত সিং (১৯৯৯-২০০০ মৌসুমে ৬২ উইকেট) এবং জম্মু-কাশ্মিরের আকিব নবি (চলমান ২০২৫-২৬ মৌসুমে ৬০* উইকেট)।
এএইচএস