‘বিশেষ কোচ’ হিসেবে কুম্বলে ও হরভজনকে চায় ভারতীয় বোর্ড!

সাবেক ক্রিকেটারদের আরও বেশি করে কাজে লাগাতে চাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। জহির খানের পর বিসিসিআই কর্তাদের নজর এবার অনিল কুম্বলে এবং হরভজন সিংয়ের দিকে। দেশের তরুণ স্পিনারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদের অনুরোধ করেছেন বোর্ড কর্তারা।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে (সিওই) দেশের তরুণ বোলারদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শুরু করেছেন জহির। একই ভাবে উঠতি তারকা স্পিনারদের জন্যও প্রশিক্ষণের ব্যবস্থা করতে চায় বিসিসিআই। লেগ স্পিনার এবং অফ স্পিনারদের জন্য আলাদা ক্যাম্পের পরিকল্পনা করা হয়েছে। তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কুম্বলে এবং হরভজনকে অনুরোধ করেছে বিসিসিআই।
লেগ স্পিনারদের ক্যাম্প পরিচালনার দায়িত্ব দেওয়া হবে কুম্বলেকে। ভারতের সর্বকালের অন্যতম সেরা এই স্পিনার জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। ভারতীয় দলের কোচের দায়িত্বও সামলেছেন। আইপিএলের একাধিক দলকে কোচিং করানোর অভিজ্ঞতাও রয়েছে কুম্বলের।
অফ স্পিনারদের ক্যাম্প পরিচালনার জন্য বিসিসিআই কর্তারা অনুরোধ করেছেন হরভজনকে। এক সময় আন্তর্জাতিক ক্রিকেটে কুম্বলে-হরভজন জুটি প্রতিপক্ষ দলগুলোর উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। তাদেরকেই এবার কোচ হিসেবে চেয়েছেন বিসিসিআই কর্তারা।
বিভিন্ন রাজ্যের বয়স ভিত্তিক দল থেকে সিনিয়র দলের প্রতিশ্রুতিমান স্পিনারদের নিয়ে পাঁচ দিনের প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করতে চায় বিসিসিআই। এ নিয়ে বোর্ডের এক কর্মকর্তা ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেছেন, 'সিওইর হেড অব ক্রিকেট ভিভিএস লক্ষ্মণ কথা বলেছেন কুম্বলে এবং হরভজনের সঙ্গে। জহিরের সঙ্গেও তিনিই যোগাযোগ করেছিলেন। বোলারদের জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ ক্যাম্প চান লক্ষ্মণ।'
এইচজেএস