আর কত রান করলে নিরাপদে থাকব, ব্রুককে প্রশ্ন করেছিলেন সূর্যকুমার

শুরুতে ব্যাট করতে নেমে পাহাড়সম রান টার্গেট দিলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালটা হয়েছে টানটান উত্তেজনাপূর্ণ। শেষ পর্যন্ত মাত্র ৭ রানে জিতেছে ভারত। রুদ্ধশ্বাস সেমিফাইনাল জয়ের পর একটি মজার মুহূর্তের কথা জানান ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। হ্যারি ব্রুককে জিজ্ঞেস করেছিলেন- আর কত রান করলে নিরাপদ থাকবে ভারত?
মুম্বাইয়ের ওয়াংখেড়ে অনুষ্ঠিত সেমিফাইনালে আগে ব্যাট করে ২৫৩ রান করে ভারত। কিন্তু এত বড় স্কোর করার পরও ম্যাচের স্বস্তিতে থাকতে পারেনি স্বাগতিকরা। শেষদিকে ইংল্যান্ডের ব্যাটিং আক্রমণে ম্যাচ প্রায় হাতছাড়া হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল।
ম্যাচ শেষে সূর্যকুমার বলেন, “শেষ দিকে আমি খুব নার্ভাস ছিলাম। আমার হার্টবিট হয়তো ১৬০ থেকে ১৭৫ পর্যন্ত উঠে গিয়েছিল। তখন ব্রুককে বলেছিলাম- ওদের বিপক্ষে আর কত রান করলে জেতা যাবে! তারা সব সময়ই রান তাড়ায় ছিল।”
ভারতের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন ওপেনার স্যাঞ্জু স্যামসন। মাত্র ৪২ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ৮টি চার। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ইংল্যান্ডের বোলারদের চাপে ফেলেন তিনি।
ইনিংসের মাঝে দ্রুত রান যোগ করেন কয়েকজন ব্যাটার। শিবম দুবে করেন ৪৩ রান। ইশাণ কিষাণ যোগ করেন ৩৯। এছাড়া হার্দিক পান্ডিয়া ২৭ এবং তিলক ভার্মা ২১ রান করেন। তাদের সম্মিলিত অবদানেই ২৫৩ রানের বিশাল স্কোর দাঁড় করায় ভারত।
তবে রান তাড়ায় দুর্দান্ত লড়াই করে ইংল্যান্ড। বিশেষ করে ইংল্যান্ডের তরুণ ব্যাটার জ্যাকব একাই ম্যাচ জমিয়ে তোলেন। মাত্র ৪৮ বলে ১০৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত তার সেঞ্চুরিও ইংল্যান্ডকে জেতাতে পারেনি। ২০ ওভারে ৭ উইকেটে ২৪৬ রানেই থেমে যায় ইংল্যান্ড।
শেষ মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভারতের পেসার জাস্প্রিত বুমরাহ। ডেথ ওভারে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করে ইংল্যান্ডের রান তোলার গতি থামিয়ে দেন তিনি। এছাড়া গুরুত্বপূর্ণ দুই উইকেট নেন হার্দিক পান্ডিয়া।
বুমরাহর পারফরম্যান্সের প্রশংসা করে সূর্যকুমার বলেন, “আমরা সবাই জানি বুমরাহ কী করতে পারে। বছরের পর বছর সে ভারতের জন্য ম্যাচ জিতিয়েছে। আজও সে হাত তুলেছে এবং চরিত্র দেখিয়েছে।”
এমএমএম/