নিউজিল্যান্ডকে স্টেইনের হুঁশিয়ারি: ভারতকে হারাও, নইলে তোমরা ‘চোকার্স’

নিউজিল্যান্ড আরেকটি আইসিসি ফাইনালে। আগামীকাল (রোববার) আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে তারা ভারতের মুখোমুখি হবে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে কিউইদের রেকর্ড শক্তিশালী। কিন্তু আইসিসির সাদা বলের ক্রিকেট টুর্নামেন্টে ইতিহাস তাদের পক্ষে নেই।
অথচ টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে ব্যর্থতার কারণে প্রায়ই ‘চোকার্স’ তকমা লাগে দক্ষিণ আফ্রিকার গায়ে। প্রোটিয়া পেস লিজেন্ড ডেল স্টেইন মনে করেন, এই তকমা নিউজিল্যান্ডের সঙ্গে বেশি মানানসই।
ইউটিউবে এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে আড্ডায় স্টেইন নিউজিল্যান্ডকে ভারতের বিপক্ষে জিততে বললেন। নয়তো আনুষ্ঠানিকভাবে তাদের পাশে চোকার্স তকমা লাগাবেন তিনি।
স্টেইন বলেন, ‘দেখো, এখানে সত্যি একটা কথা বলি– নিউজিল্যান্ড। সবাই দক্ষিণ আফ্রিকাকে চোকার্স ডাকতে পছন্দ করে, কিন্তু আমি বলছি– নিউজিল্যান্ড বিশ্বকাপে খুব একটা শিরোপা জেতেনি। অথচ আমাদের চেয়ে তারা বেশি ফাইনাল খেলেছে। তাই নিউজিল্যান্ড, দয়া করে এবার জিতো।’
অন্যথায় নিউজিল্যান্ডকে চোকার্স বলতে বাধবে না সাবেক পেসারের, ‘নইলে আমি আনুষ্ঠানিকভাবে এই তকমা তোমাদের কাছে হস্তান্তর করব: এটা তোমাদের। আমি নিউজিল্যান্ডকে ভালোবাসি, কিন্তু তারা ভারতকে হারায়নি। আমি খুব চাইছি, এটা সম্ভব। আমি সত্যিই চাই তারা জিতুক।’
২০০০ সালে আইসিসি নকআউট ট্রফি জয়ের পর থেকে নিউজিল্যান্ড আটটি আইসিসি ফাইনাল খেলেছে। এর মধ্যে একটি জিতেছে— ভারতের বিপক্ষে ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে।
এফএইচএম/