বিশ্বকাপ বিবেচনায় পাকিস্তান সিরিজের উইকেট বানাতে বললেন সাবেক অধিনায়ক

বছরের প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যে ঢাকায় পা রেখেছে পাকিস্তান। সিরিজের সবকটি ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলার মাঠে। যা সাধারণত স্পিনবান্ধব উইকেট হিসেবেই পরিচিত। তবে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার মনে করেন, মিরপুরেও পেসবান্ধব কন্ডিশন প্রস্তুত করা প্রয়োজন বিশ্বকাপ সামনে রোখে।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এই সিরিজ শুরু হচ্ছে বিশ্বকাপ মাথায় রেখেই। বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায়। সেখানে স্পিন যেহেতু হবে না, আর প্রতিপক্ষ পাকিস্তান। স্পিন উইকেট তখন করি যখন উপমহাদেশের বাইরের দল আসে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো দেশ। সময় দিলে, ঘাস রাখলে মিরপুরের মাঠে সিমিং কন্ডিশন তৈরি করা যায়।’
নির্বাচকরা যে দল ঘোষণা করেছেন তা দেখে পেসবান্ধব কন্ডিশনেরই আশা রাখছেন সাবেক এই অধিনায়ক, ‘স্কোয়াড দেখে মনে হচ্ছে তেমন কিছুই বানাতে যাচ্ছি। এখন থেকে যে সিরিজই খেলব…হোমে খেলা হলে জেতার মতো কন্ডিশন তৈরি করব। তবে বিশ্বকাপের কন্ডিশনের কথা মাথায় রেখে।’

এর আগে সর্বশেষ ওয়ানডের পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে ছিল। এই সিরিজ দিয়েই ওয়ানডে দল ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা বাশারের, ‘এটা আমাদের ওয়ার্ল্ড কাপ ইয়ার। এই সিরিজ নিশ্চয়ই বিশ্বকাপ মাথায় রেখেই শুরু করছি। যেটা হয়ে গেছে, হয়ে গেছে। এখন আর পেছনে ফিরে তাকানোর সময় নেই। যেহেতু সামনে বিশ্বকাপ আছে, এই সিরিজ থেকেই শুরু করা উচিৎ। গত কিছু দিনের পারফরম্যান্স আমাদের সামর্থ্যের প্রতিফলন করেনি। আমরা আরও ভালো দল। আশা করছি এই সিরিজ দিয়েই বাংলাদেশ ঘুরে দাঁড়ানো শুরু করবে।’
এসএইচ/এএইচএস