ফাইনালে ভারতের ২ তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেকটি ম্যাচ বাকি, যে ম্যাচের অপেক্ষায় ২০ দল মাসখানেক তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেছে। শিরোপা নির্ধারণী ফাইনালে আজ (রোববার) নিউজিল্যান্ডের মোকাবিলা করবে স্বাগতিক ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পুরো আসরজুড়েই অন্যতম ফেভারিট হিসেবে খেলেছে। দাপট ধরে রাখতে চায় মহারণী ম্যাচেও। সেলক্ষ্যে একাদশ আরও শক্তিশালী করতে দুজন তারকা ক্রিকেটারকে পরিবর্তন করার আহবান জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।
টি-টোয়েন্টির নম্বর ওয়ান ব্যাটার হিসেবে এবারের বিশ্বকাপ শুরু করেছিলেন স্বাগতিক ওপেনার অভিষেক শর্মা। তবে তিনি নামের প্রতি সুবিচার করতে পারেননি। ফলে ফাইনালে তাকে একাদশের বাইরে রাখার দাবি উঠেছে। পুরো আসরে কেবল জিম্বাবুয়ের বিপক্ষে একটি হাফসেঞ্চুরি করেছেন বাঁ–হাতি এই ওপেনার। ৬ ইনিংস মিলে ৬৮ বলে করেছেন ৮৯ রান। অথচ ১৮ মাস দুর্দান্ত স্ট্রাইকরেট ধরে রেখে আদর্শনীয় ব্যাটারে পরিণত হয়েছিলেন অভিষেক। পাঞ্জাবের এই ক্রিকেটার বাদ পড়লে ফাইনালে ভারতের ওপেনে সঞ্জু স্যামসন ও ইষাণ কিশানকে দেখা যেতে পারে।
অভিষেককে ফাইনালের একাদশে না রাখার যুক্তি দেখিয়ে গাভাস্কার বলেছেন, ‘এটি খুব কঠিন সিদ্ধান্ত। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা। কিন্তু সে তার আউট থেকে শিক্ষা নিচ্ছে না। একই জায়গায় হাতের মাঝে রুম তৈরি করে খেলতে গিয়ে আউট হচ্ছেন। বোলাররাও নির্দিষ্ট দুর্বল জায়গাকে লক্ষ্যবস্তু বানিয়ে তাকে ভুল করতে বাধ্য করছে। আমার উদ্বেগের বিষয় হচ্ছে– হয়তো সে এখনও বিষয়টির সঙ্গে মানিয়ে উঠতে পারছে না অথবা নিজের খেলার ধরন পাল্টাতে অক্ষম।’
উচ্চ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে লোয়ার-অর্ডারে শক্তি আরও বাড়ানো কিংবা রিংকু সিংকে খেলানোরও ইঙ্গিত দিয়েছেন সাবেক এই ভারতীয় তারকা, ‘আমি ইষাণ কিশানকে সঞ্জু স্যামসনের সঙ্গে ওপেনিংয়ে দেখতে চাইব, একইসঙ্গে রিংকু সিং দলে আসবে। রিংকুর সেই বিশ্বাস আছে– আপনি সম্ভবত তার শরীরে “সৃষ্টিকর্তার পরিকল্পনা” ট্যাটুটা দেখেছেন এবং মাঝেমধ্যে কিছু বিষয় ক্রিকেটারদের জন্য সেভাবেই কাজ করে।’
গাভাস্কার বরুণ চক্রবর্তীকেও ফাইনালের একাদশ থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন। যদিও এই রহস্য স্পিনারকে ভারতের এক্স-ফ্যাক্টর হিসেবে বিবেচনা করা হয়। তবে সুপার এইটের ম্যাচে সেভাবে আলো ছড়াতে ব্যর্থ ডানহাতি এই বোলার। সে কারণে বরুণের জায়গায় ফাইনালে কুলদীপ যাদবকে দেখতে চান গাভাস্কার। তিনি বলেন, ‘(ভারতীয় একাদশে) আরেকটি পরিবর্তন আমি বিবেচনা করি, কুলদীপ যাদব। এই মুহূর্তে বরুণ চক্রবর্তীর আত্মবিশ্বাসে চিড় দেখতে পাচ্ছি।’
‘সুপার এইটে রাউন্ড শুরু হওয়ার পর থেকেই যখন সে (বরুণ) কোনো শক্তিশালী দলের বিপক্ষে খেলছে, সে সংগ্রাম করছে এবং অনেক রান খরচ করে ফেলছে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের মতো বড় মাঠে, যেখানে বাউন্ডারি বড়, কুলদীপ যাদব সেখানে ভালো বিকল্প হতে পারে। কারণ ফ্ল্যাট উইকেটেও বল টার্ন করাতে পারে সে’, আরও যোগ করেন গাভাস্কার। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে বিশ্বকাপের ফাইনাল।
এএইচএস