বিগ স্ক্রিন দেখে রিভিউ, নিয়ম ভেঙেছে বাংলাদেশ– অভিযোগ পাকিস্তানের

মিরপুরে তৃতীয় ওয়ানডেতে ফের বাংলাদেশ বিতর্ক তৈরি করল। পাকিস্তানের রান তাড়ায় শেষের আগের বলে আম্পায়ার কুমার ধর্মসেনা ওয়াইড দিলে স্বাগতিকরা এলবিডব্লিউর রিভিউ নেয়। লঙ্কান আম্পায়ারও বাংলাদেশকে রিভিউ নেওয়ার অনুমতি দেন। এই ঘটনায় পাকিস্তান ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের কাছে অভিযোগ দায়ের করেছে।
বিজ্ঞাপন
ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, বিগ স্ক্রিনে ওই ডেলিভারির রিপ্লে দেখার পর বাংলাদেশ রিভিউ নিয়েছে। এ কারণেই আপত্তি জানিয়ে অভিযোগ করেছে পাকিস্তান ম্যানেজমেন্ট।
রিভিউ নেওয়ার সিদ্ধান্ত এবং এর ফল বাংলাদেশকে অপ্রতিরোধ্য অবস্থানে নিতে সহায়তা করেছে। ওই ডেলিভারির আগে পাকিস্তানের ২ বলে ১২ রান প্রয়োজন ছিল। রিশাদ হোসেনের লেগ স্টাম্প বরাবর করা ফ্লাইটেড বল লেগ সাইড দিয়ে বাঁক খেয়ে শাহীন আফ্রিদির থেকে দূরে সরে যায়। লেগ সাইড দিয়ে বেরিয়ে যাওয়ায় আম্পায়ার ওয়াইড কল করেন। সংক্ষিপ্ত আলোচনার পর বাংলাদেশ এলবিডব্লিউর জন্য রিভিউয়ের সিদ্ধান্ত নেয়। যদিও খালি চোখে বল শাহিনের পা কিংবা তার শরীরের কোনো অংশের ধারেকাছে ছিল না।
সাধারণ প্রোটোকল অনুযায়ী, খেলোয়াড়দের সিদ্ধান্তে প্রভাব এড়াতে যেকোনো রিপ্লে প্রদর্শনের আগেই রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নিতে হয়। তবে, ওই ডেলিভারিটি প্রাথমিকভাবে ‘ওয়াইড’ ঘোষণা করায় কোনো রিভিউর অবকাশ নেই ধরে নিয়ে পাকিস্তান যুক্তি দিয়েছে যে, এক্ষেত্রে সাধারণ প্রোটোকল মানা হয়নি। স্টেডিয়ামের বিগ স্ক্রিনে বলটি ব্যাটের পাশ দিয়ে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছিল, যাতে বাংলাদেশ পরিষ্কার ধারণা পেয়েছিল বলটি ব্যাটে লেগেছিল কি না।
বিজ্ঞাপন
পাকিস্তানের আরও অভিযোগ, রিভিউ নেওয়ার জন্য নির্ধারিত সর্বোচ্চ ১৫ সেকেন্ড সময়সীমা পার হওয়ার পরও বাংলাদেশকে রিভিউ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যেহেতু সম্প্রচারে কোনো টাইমার প্রদর্শিত হয়নি, তাই বাংলাদেশ সময়মতো রিভিউ নিয়েছিল কি না তা স্পষ্টভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
তবে ডিআরএস যখন হক-আইতে নেওয়া হলো, তখন শাহীনের চোখেমুখে রাজ্যের হতাশা। কারণ হক-আইয়ে বল তার ব্যাট অতিক্রম করার মুহূর্তে স্পাইক ধরা পড়ে। তাতে পরিষ্কার বল পায়ে লাগুক বা না লাগুক, ওয়াইড নয়।
বাংলাদেশ রিভিউ হারায়। কিন্তু ওয়াইডের সিদ্ধান্ত বাতিল হয়, সমীকরণ দাঁড়ায় ১ বলে ১২ রানের। শেষ ডেলিভারিতে শাহীন স্টাম্পড হন এবং স্টাম্পের দিকে ব্যাট ঘুরিয়ে হতাশা প্রকাশ করেন। বাংলাদেশ ১১ রানে ম্যাচটি জেতে এবং সিরিজ ২-১ এ নিশ্চিত করে।
বিজ্ঞাপন
তবে পিসিবি ম্যাচ রেফারির কাছ থেকে বাংলাদেশের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থার আশা করছে তা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশ যে ভুল সিদ্ধান্ত নিয়েছে, অন্তত এই বিষয়টি প্রকাশ্যে স্বীকৃতি দেওয়া হোক।
এফএইচএম/