কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত

জাসপ্রিত বুমরাহর জন্য ক্রিকেটারদের বেতন কাঠামোতে পরিবর্তন আনার পরিকল্পনা করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতে এ+ ক্যাটাগরি বাতিল করা হয়েছিল। তবে আবারো আগের সিদ্ধান্তে ফিরে যেতে পারে বোর্ড।
বিজ্ঞাপন
ভারতীয় ক্রিকেট বোর্ডে আগে চারটি ক্যাটাগরি ছিল। এ+, এ, বি এবং সি। এ+ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা বছরে ৭ কোটি রুপি পেতেন। এ, বি এবং সি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা যথাক্রমে ৫, ৩ এবং ১ কোটি রুপি পেতেন বছরে।
এ+ ক্যাটাগরিতে তাদেরই রাখা হত, যারা তিন ফরম্যাটেই ভালো খেলতেন। গত বছর পর্যন্ত বুমরাহর পাশাপাশি বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা এই ক্যাটেগরিতে ছিলেন। কিন্তু রোহিত ও কোহলি দু’টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। জাদেজাও একটি ফরম্যাট খেলেন না। তাই তাদের অবনতি হয়েছে। বুমরাহকেও এ ক্যাটাগরিতে নামিয়ে এ+ ক্যাটেগরি তুলে দেওয়া হয়েছে।
বুমরাহই একমাত্র ভারতীয় ক্রিকেটার, যিনি ধারাবাহিক ভাবে তিন ফরম্যাটে খেলেন। মাঝে মাঝে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাকে বিশ্রাম দেওয়া হয়। কিন্তু তিন ফরম্যাটেই নির্বাচক ও কোচের প্রথম পছন্দ তিনি। ফলে বুমরাহকে আবারো এ প্লাস ক্যাটাগরিতে প্রমোশন দেওয়া হতে পারে।
বিজ্ঞাপন
বোর্ডের মতে, বুমরাহ ছাড়া আরও কয়েক জন ক্রিকেটার রয়েছেন, যারা তাদের পারফরম্যান্স অনুযায়ী প্রাপ্য বেতন পাচ্ছেন না। যেমন, অক্ষর প্যাটেল। টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হওয়ার পরও সি ক্যাটাগরিতে রয়েছেন তিনি। তাদের কথাও আবার বিবেচনা করা হতে পারে।
এইচজেএস