নতুন নির্বাচকরা কবে থেকে দায়িত্ব বুঝে নেবেন, লক্ষ্য কী বাশারদের?

বিসিবির নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন হাবিবুল বাশার সুমন। একইসঙ্গে সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাদিফ চৌধুরি এবং নাঈম ইসলাম। আগে থেকে ছিলেন হাসিবুল হোসেন শান্ত। আর প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েই বাশার জানালেন নিজের লক্ষ্যের কথা।
বিজ্ঞাপন
আজ বাশার বলেছেন, ‘অবশ্যই এক্সাইটেড। এই বছর বাংলাদেশের অনেক খেলা। বিশ্বকাপের বছর, সাথে দ্বিপাক্ষিক সিরিজ অনেক, বড় সিরিজ। ভালো খেলাটা জরুরি। ধারাবাহিকতা ধরে রাখাও অনেক জরুরি। নির্বাচকের কাজটা অনেক দায়িত্বের জায়গা। আমি আশাবাদী, দেখা যাক, ভালো কাজ করব আশা করছি।’
বাশার আরও বলেছেন, ‘এখন পর্যন্ত স্কোয়াড তারা (আগের নির্বাচক প্যানেল) দিয়েছে। আমরা পহেলা এপ্রিল থেকে জয়েন করব। (গাজী আশরাফ হোসেন) লিপু ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। দুই বছর ধরে একটা প্ল্যান নিয়ে কাজ করছিলেন। তার ধারাবাহিকতাও জরুরি। সেটাকেই যেন আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে বসেছিলাম নির্বাচকরা। সামনে আবার বসে কাজ বুঝে নেব। পুরোপুরি কাজ বুঝে নেব সামনের মাস থেকে।’
নিজের নির্বাচক প্যানেল নিয়ে বাশার জানান, ‘অভিজ্ঞতার সাথে তারুণ্যের ভালো মিশেল রয়েছে। হাসিবুল হোসেন শান্ত আগে থেকেই ছিলেন। নাঈম ইসলাম অনেক দিন ধরে খেলছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে অনেক খেলেছেন। জাতীয় দলের বাইরে যারা খেলছেন তাদেরকে ভালোভাবে দেখাটাও জরুরি। নাঈম অনেক দিন ঘরোয়া ক্রিকেট খেলেছেন, সেখানে ভালো ইনপুট আমরা পেতে পারব। নাদিফ চৌধুরী জুনিয়র লেভেলে কাজ করেছেন, ঘরোয়াতে খেলেছেন। এটা ইতিবাচক সাইন। সবাই ক্রিকেটের সাথেই আছেন, ক্রিকেট নিয়েই আছেন, প্লেয়ার নির্বাচনে এগুলো কাজে দেবে।’
বিজ্ঞাপন
নিজের লক্ষ্য নিয়ে বাশার বললেন, ‘প্রাথমিক টার্গেট সরাসরি যেন বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারি। সাথে পারফরম্যান্সে যেন ধারাবাহিকতা থাকে। যেহেতু এ বছর অনেক খেলা। আমার মনে হয় লম্বা একটা গ্রুপ নিয়ে কাজ করতে হবে। ১৫ জনের দলের বাইরের গ্রুপটা নিয়ে কাজ করাটা জরুরি। এটা করতে পারলে আশা করি বেশি সমস্যা হবে না।’
এসএইচ/এমএমএম