মালদ্বীপ সাফ অ-২০ টুর্নামেন্টে বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে। গ্রুপ পর্যায়ে পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুই ম্যাচে ৩ গোল করেছে। তিন গোলেই অবদান রয়েছে আমেরিকান প্রবাসী রোনান সুলিভানের। রোনান দুই ম্যাচ খেললেও তার যমজ ভাই ডেকলান খেলার সুযোগই পাননি। পাশাপাশি ইংল্যান্ড প্রবাসী ইব্রাহিম নেওয়াজও প্রথম ম্যাচে একেবারে অন্তিম মুহুর্তে নেমেছিলেন আর দ্বিতীয় ম্যাচে নামতে পারেননি।
বিজ্ঞাপন
সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ার পর গতকাল ভারত ম্যাচে এই দুই ফুটবলারকে দেখার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের কোচিং স্টাফের। বৃটিশ কোচ মার্ক কক্স তাদের একাদশেই রাখেননি। হাফ টাইমের আগে তিনি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এরপর সহকারী কোচ মিশু দল পরিচালনা করলে তিনিও তাদের নামাননি।
ইংলিশ কোচ মার্ক কক্সের সনদ ও নৈতিকতা নিয়ে বাংলাদেশের ফুটবলাঙ্গনে আগেই প্রশ্ন উঠেছে। তার পরিপক্বতার মাত্রা গতকাল লাল কার্ডের ঘটনা এবং ম্যাচ চলাকালে সহকারী কোচ মিশুর নির্দেশনাতেই স্পষ্ট। বিশ বছরের নিচে ফুটবলাররা আবেগী ও পেশাদারিত্ব কম থাকা স্বাভাবিক। কোচ, খেলোয়াড়দের বিষয়গুলো সামগ্রিক দেখভালের দায়িত্ব ম্যানেজারের। ম্যানেজার সামিদ কাশেম গোল উদযাপনে মাঠে প্রবেশ করেন আবার খেলোয়াড় আহত হলে চরম উত্তেজিত হয়ে পড়েন।
রোনান অসাধারণ পারফরম্যান্স করছেন। তার ভাইও ফিলাডেলফিয়া একাডেমীর হয়ে খেলেন। ডেকলানকে একেবারে সুযোগ না দেয়ায় ফুটবলাঙ্গনে চলছে সমালোচনা। এ নিয়ে কোচিং স্টাফের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। আজ বাফুফে অবশ্য ম্যাচ খেলার সুযোগ না পাওয়া দুই ফুটবলারের ভিডিও বক্তব্য সরবারহ করেছে। খেলতে না পারার সুযোগের মতো ভিডিও বার্তাও খুব অতি সংক্ষিপ্ত। রোনানের ভিডিও মাত্র ১১ সেকেন্ড, ইব্রাহিমের ২৩ সেকেন্ড আর গোলরক্ষক কোচ বিপ্লবের ৩৩ সেকেন্ড। যা একটা মানসম্মত নিউজের জন্য পর্যাপ্ত নয়।
বিজ্ঞাপন
সাফ অ-২০ টুর্নামেন্টে বাফুফের মিডিয়া সার্ভিস কাঙ্খিত মানের নয়। খেলা শুরু হওয়ার মাঝপথে খেলোয়াড় তালিকা সাংবাদিকদের সরবারহ করে। খেলা শেষ হওয়ার ঘন্টা খানেক পর মিলে ম্যাচের ছবি। ম্যাচের পর কোচের প্রতিক্রিয়া প্রয়োজন সাংবাদিকদের। সেটা প্রথম ম্যাচে বাফুফে সরবারহ করেছে রাত দশটায়। দ্বিতীয় ম্যাচে খানিকটা উন্নতি হয়ে তিন ঘন্টা পর। জাতীয় পুরুষ দল ও অ-২০ নারী দলের টুর্নামেন্ট একই সময় হওয়ায় বাফুফে মালদ্বীপে সাফ টুর্নামেন্টের জন্য মিডিয়া ম্যানেজার হিসেবে মনোনীত করেছেন। অর্থ ব্যয় হলেও কাঙ্খিত সেবা পাচ্ছেন না সাংবাদিকরা।
দুই ম্যাচ খেলতে পারেননি। সেমিফাইনাল খেলতে পারবেন কিনা নিশ্চয়তাও নেই। এরপরও খানিকটা হাসিমুখেই ডেকলান বলেন, 'আমাদের রিকোভারি সেশন মাত্র শেষ হলো। সেশনটা বেশ ভালো ছিল। একটা কঠিন ও বড় ম্যাচের পর শরীরটাকে একটু সচল করে নেওয়া সবসময়ই ভালো। আমাদের লড়াই থামবে না। পরের ম্যাচে আমাদের জিততেই হবে এবং তারপর পুরো টুর্নামেন্টটাই আমাদের জিততে হবে। এটাই আমাদের লক্ষ্য।'
ডেকলানের মতো ইব্রাহীম নেওয়াজও ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য্য আবার ফেডারেশনে ফিরে গোলরক্ষক কোচের দায়িত্ব পেয়েছেন। অ-২০ দলের সাথে মালদ্বীপে রয়েছেন। তিনি বলেন, 'গত দুই ম্যাচ আমাদের দলের খেলোয়াড়দের ওপর ধকল গেছে। এখন সবাই রিকোভারি করছে। সামনে একটা বড় ম্যাচ। খেলোয়াড়দের উজ্জীবিত করতে সবটাই করা হচ্ছে। আশা করছি, সেমিফাইনালে নেপালকে হারিয়ে আমরা ফাইনালে উঠবো।’
বিজ্ঞাপন
এজেড/এইচজেএস
