বিজ্ঞাপন

খেলোয়াড়দের রাজনীতিতে আসা নিয়ে যা বললেন ফারুক

অ+
অ-
খেলোয়াড়দের রাজনীতিতে আসা নিয়ে যা বললেন ফারুক

ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় খেলোয়াড়দের সরকারি বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে। আজ (সোমবার) সকালে নিজ কার্যালয়ে ক্রীড়াভাতা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত এক বছরে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য আনা ক্রীড়াবিদদের আর্থিকভাবে পুরস্কৃতও করেছেন সরকার প্রধান।

বিজ্ঞাপন

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। তিনি মনে করেন এখন যে কেউ ক্রীড়াকে পেশা হিসেবে নিতে ভয় পাবে না। গগণমাধ্যমকে ফারুক বলেছেন, 'আজকে শুরু করলে একটা ছেলে যে খেলবে, সে কিন্তু বেতনভুক্ত হতে পারে একদম প্রথম থেকে, কোনো কিছু অর্জন করার আগেই। আর এটি যে তার জন্য কতটা একাগ্রতা বাড়াবে; যার সত্যিকারের প্রতিভা আছে তাদের আর চিন্তা করতে হবে না-আমার পরিবার কীভাবে চলবে, আমি কীভাবে চলবো, কোথায় যাবো, কী হবে। এই জিনিসটাই কিন্তু তার সামনে একটি লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে আজকে।'

নিজের খেলোয়াড়ি জীবনের উদাহরণ টেনে ফারুক বলেন, 'আমি যখন ক্রিকেট খেলা শুরু করি, আমাদের সামনে কিন্তু খুব বেশি লক্ষ্য ছিল না। আমি বলছি ১৯৮২ সালের কথা। আমাদের তখন ইচ্ছা ছিল যে আমরা কোনো এক সময় হয়তো ওয়ানডে ম্যাচ খেলতে পারবো। ৮৬-তে ওয়ানডে ম্যাচ পেলাম। তারপরে যখন বাংলাদেশ টেস্ট মর্যাদা পেল, তখন কিন্তু এদের লক্ষ্য আলাদা ছিল-টেস্ট খেলোয়াড় হবে।'

এদিকে অনেক ক্রীড়াবিদই খেলোয়াড়ি জীবনেই রাজনীতিতে জড়িয়ে যান। এর আগে ক্রীড়াবিদদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানও আহ্বান জানান তাদের পেশাদার জীবনে থাকাকালীন রাজনীতিতে না আসার।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গ টেনে ফারুক আহমেদ বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী কী বলেছেন উনি ওনারটা বলেছেন, কিন্তু আমি মনে করি তারকাখ্যাতিকে কাজে লাগিয়ে আমার মনে হয় রাজনীতি করা উচিত নয়। এটা একদম আইন করে বন্ধ করে দেওয়া উচিত আমার মনে হয়। উনি যেটা বলেছেন সেটার সাথে আমি একমত। আপনি খেলা ছাড়ার পরে রাজনীতিতে দুনিয়ায় অনেক উদাহরণ আছে। আপনি খেলা ছাড়বেন, এক সময় রাজনীতি করবেন।'

এসএইচ/এইচজেএস