বল বিকৃত করার চেষ্টা করেছেন, এই অভিযোগে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে ফখর জামানকে। সেই শাস্তির বিরুদ্ধে এবার আবেদন করেছেন পাকিস্তানের এই ক্রিকেটার। তার দাবি, অনৈতিক ভাবে তাকে শাস্তি দেওয়া হয়েছে। এতটাও গুরুতর অপরাধ তিনি করেননি।
বিজ্ঞাপন
পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, পিএসএলের টেকনিক্যাল কমিটির কাছে আবেদন করে শাস্তি তুলে নেওয়ার অনুরোধ করেছেন ফখর। সেই আবেদনের ভিত্তিতে কবে শুনানি হবে তা এখনও স্পষ্ট নয়। ফলে ৩ এপ্রিল মুলতান সুলতানস এবং ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ফখর খেলতে পারবেন কি না, তা এখন অস্পষ্ট।
পিএসএলে লাহোর কালান্দার্স-করাচি কিংস ম্যাচে বল বিকৃতির অভিযোগ ওঠে। জয়ের জন্য শেষ ওভারে করাচির দরকার ছিল ১৪ রান। সেই ওভার শুরুর আগে লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ এবং জামান একসঙ্গে আলোচনা করছিলেন। তাদের কাছেই ছিল বল। বলটি নিয়ে তারা একে অপরকে দিচ্ছিলেন। সবাই হাতের তালুতে লুকিয়ে রাখছিলেন বল।
বিষয়টি দেখে সন্দেহ হয় ম্যাচের আম্পায়ার ফয়জুল আফ্রিদির। তিনি বলটি চেয়ে নেন। অন্য আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে আলোচনা করেন। বল দেখে তাদের মনে হয়, সেটি বিকৃত করা হয়েছে। দুই আম্পায়ার বল পরিবর্তন করেন এবং ৫ রান জরিমানা করেন। এই ঘটনার রিপোর্ট ম্যাচ রেফারি মহানামাকে দেন দুই আম্পায়ার।
বিজ্ঞাপন
এ ঘটনার পর ফখরের পুরনো একটি ভিডিও এরই মধ্যে সামনে এসেছে। সেটি ২০২৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের। শাহিন আফ্রিদিকে মোনাক প্যাটেল ছয় মারার পরে মিড-অনে দাঁড়িয়ে থাকা ফখর বল নিয়ে নিজের জার্সির ভেতর ঢুকিয়ে রাখেন। সেই ম্যাচটি জেতার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও, আনুষ্ঠানিক ভাবে কোনও অভিযোগ করেনি যুক্তরাষ্ট্র। ফলে ফখর তখন শাস্তি পাননি।
এইচজেএস
