বিজ্ঞাপন

তদন্ত রিপোর্ট নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘আইসিসিকে জানিয়ে সিদ্ধান্ত’

অ+
অ-
তদন্ত রিপোর্ট নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘আইসিসিকে জানিয়ে সিদ্ধান্ত’

বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে গেল মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই কমিটির সদস্যরা একে একে বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও মুখোমুখি হন তদন্ত কমিটির। তারা আজ (রোববার) এনএসসিতে প্রতিবেদন জমা দিয়েছে।

বিজ্ঞাপন

পরে বিকেলে এক অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে তিনি বলেন, ‘দেখুন-ইতোমধ্যে সকালবেলা তদন্ত কমিটি এসে তদন্ত প্রতিবেদন (জমা) দিয়ে গেছে। দেওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে আন্তঃমন্ত্রণালয়ের একটা সভা ডেকেছিলাম। সেই সভায় আমরা আলাপ-আলোচনা করেছি। আইসিসিকে তদন্ত প্রতিবেদন সম্পর্কে অবগত করার পরেই আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব, ইনশাআল্লাহ।’

সাবেক ক্রীড়া উপদেষ্টা তদন্ত সদস্যেদের সঙ্গে কথা বলেননি। এ নিয়ে আমিনুল বলেন, ‘ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন আমাদের কাছে জমা হয়েছে। সুতরাং তিনি যে অংশগ্রহণ করেননি, নিশ্চয় সেই প্রতিবেদনের ভেতরে তা রয়েছে। আমরা সেটি যাচাই-বাচাই করেছি যে তিনি উপস্থিত হননি, সেটা আমিও দেখেছি। আমরা আইসিসির সঙ্গে কথা বলে তারপর পরবর্তী সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।’

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান বলেন, ‘কাউকে অভিযুক্ত করে নয়, আমরা নিরপেক্ষ অবস্থান থেকে তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছি। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আমরা চিঠি লিখেছিলাম। উনাকে অভিযুক্ত করার জন্য নয়, বরং বক্তব্য শোনা এবং উনি কিছু বলতে চান কি না তা জানার জন্য। আমরা উনাকে সময় দিয়েছিলাম এবং অপেক্ষা করেছি, কিন্তু উনি আমাদের কাছে আসেননি।’

বিজ্ঞাপন

গত ১১ মার্চ সাবেক বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল এনএসসি। মূলত নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু হয়েছে কি না– সেটি খতিয়ে দেখাই ছিল কমিটির মূল দায়িত্ব। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের সময় দেওয়া হলেও, নির্ধারিত সময়ের আগেই তারা প্রতিবেদন জমা দিলো।

এসএইচ/এমএমএম