অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার মাতাল অবস্থায় গাড়ি চালানোর অপরাধে গতকাল (মঙ্গলবার) গ্রেপ্তার হয়েছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, সিডনির পূর্বাঞ্চলের উপশহরে তার গাড়ি থামানোর কিছুক্ষণ আগে মদ পান করেছিলেন।
বিজ্ঞাপন
নিউজকর্প এক প্রতিবেদনে এই বিষয়ে নতুন তথ্যের দাবি করে জানিয়েছে– ওয়ার্নার পুলিশ কর্মকর্তাদের বলেছেন, এক বন্ধুর সঙ্গে তিন গ্লাস ওয়াইন পান করেছিলেন তিনি। তারপর নিজেই গাড়ি চালিয়ে মারৌব্রায় নিজ বাড়ির উদ্দেশে রওনা হন।
পুলিশের বিবৃতিতে আগের দিন জানানো হয়, ব্রিদ টেস্ট সাইটের ঠিক কিছুটা আগে আকস্মিকভাবে একটি গাড়ি থেমে যায় এবং পার্ক করার চেষ্টা করে। সন্দেহ হওয়ায় ট্রাফিক পুলিশ কর্মকর্তারা গাড়িটির কাছে যান এবং চালককে পরীক্ষা করেন। প্রাথমিক পরীক্ষায় পজিটিভ আসার পর তাকে নিকটস্থ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।
বিজ্ঞাপন
সেখানে দ্বিতীয়বার পরীক্ষায় ওয়ার্নারের রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ০.১০৪, যা নিউ সাউথ ওয়েলসের নির্ধারিত আইনি সীমার দ্বিগুণেরও বেশি।
ওয়ার্নারের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। আগামী ৭ মে তাকে আদালতে হাজিরা দিতে হবে। নিউ সাউথ ওয়েলসের আইন অনুযায়ী, ০.০৮ থেকে ০.১৪৯ মাত্রার অ্যালকোহল রক্তে থাকলে তা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়, যার শাস্তি হিসেবে বড় অংকের জরিমানা এমনকি জেলও হতে পারে।
২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়ার্নার বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল করাচি কিংসের নেতৃত্ব দিচ্ছেন। আগামী ৯ এপ্রিল পেশোয়ার জালমির বিপক্ষে রয়েছে তাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। ছোট বিরতিতে ছুটি নিয়ে দেশে ফিরেছেন তিনি। এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি করাচি কিংস ম্যানেজমেন্ট।
বিজ্ঞাপন
এফএইচএম/
