ভারতের প্রথম টেস্টজয়ী দলের সদস্য সিডি গোপীনাথ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। আজ বৃহস্পতিবার চেন্নাইয়ের আদিয়ারে তার মেয়ের বাড়িতে মৃত্যু বরণ করেন তিনি। ভারতের প্রথম টেস্টজয়ী দলের শেষ সদস্য হিসেবে জীবিত ছিলেন তিনি।
বিজ্ঞাপন
চেন্নাইয়ে (তৎকালীন মাদ্রাজ) জন্ম গোপীনাথের। ১৯৫১-৫২ সালে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে সেই ম্যাচে দুই ইনিংসে যথাক্রমে অপরাজিত ৫০ ও ৪২ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার।
সেই সিরিজের শেষ টেস্টে চেন্নাইয়ের মাঠে ৩৫ রান করেছিলেন গোপীনাথ। পাশাপাশি বিনু মাঁকড়ের বলে রয় টাটেরসালের একটি ক্যাচও ধরেছিলেন। সেই টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত। সেটাই টেস্টে ভারতের প্রথম জয়।
১৯৫৫-৫৬ থেকে ১৯৬২-৬৩ মৌসুম পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে তৎকালীন মাদ্রাজের অধিনায়কত্ব করেছিলেন গোপীনাথ। খেলোয়াড়ী জীবন শেষ হওয়ার পর প্রশাসক হিসেবেও নজর কেড়েছিলেন গোপীনাথ। সত্তরের দশকে তিনি জাতীয় নির্বাচক কমিটিতে যোগ দিয়েছিলেন। পরে নির্বাচক কমিটির চেয়ারম্যানও হয়েছিলেন। ১৯৭৯ সালে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের ম্যানেজারের দায়িত্বও সামলেছিলেন গোপীনাথ।
বিজ্ঞাপন
ভারতের হয়ে আটটি টেস্ট খেলেছেন গোপীনাথ। করেছেন ২৪২ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি খেলেছেন ৮৩ ম্যাচ। করেছেন ৪২৫৯ রান। ৯টি শতরান ও ২৩টি অর্ধশতরান রয়েছে তার। রঞ্জিতে ২৩৪৯ রান করেছেন গোপীনাথ। ১৯৫৮-৫৯ মৌসুমে ২৩৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছিলেন তিনি।
এইচজেএস
