বিজ্ঞাপন

শুরুতে বিসিএলের ২ রাউন্ড, এবারও কোচিংয়ে নেই সোহেল ইসলাম

অ+
অ-
শুরুতে বিসিএলের ২ রাউন্ড, এবারও কোচিংয়ে নেই সোহেল ইসলাম

মার্চের প্রথম সপ্তাহে ওয়ানডে ফরম্যাটের বিসিএল শেষ হয়েছিল। যেখানে চ্যাম্পিয়ন হয় সেন্ট্রাল জোন। ঘরোয়া এই প্রতিযোগিতায় কোনো দলের দায়িত্বে ছিলেন না দেশের অন্যতম সেরা কোচ সোহেল ইসলাম। যদিও ঘরোয়া থেকে জাতীয় দল, সব ক্রিকেটারদের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এবার লাল বলের বিসিএলেও কোনও দলে কোচের দায়িত্বে থাকছেন না সোহেল।

বিজ্ঞাপন

ঢাকা লিগ শুরুর সম্ভাব্য সময় ৫ মে। ওই সময়ের মধ্যে লাল বলের বিসিএলে দুই রাউন্ড খেলা হবে, শুরুটা হবে ২১ এপ্রিল সিলেট থেকে। এদিকে বিসিবি থেকে সোহেলকে কোচের দায়িত্বে থাকার জন্য বলা হলেও তিনি রাজি হননি। ঠিক কী কারণে রাজি হননি তিনি সেটি জানা যায়নি। জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা খারাপ সময়ে সোহেলের শরণাপন্ন হন। এমনকি সাকিব আল হাসানকেও কাজ করতে দেখা গেছে এই কোচের সঙ্গে।

বর্তমানে বাংলাদেশ টাইগার্সের প্রধান কোচ হিসেবে কর্মরত রয়েছেন সোহেল। এর আগে থেকেই দেশের ঘরোয়া সব লিগে দায়িত্ব পালন করে আসছেন তিনি। তবে সবশেষ বিসিএলে দায়িত্ব না পাওয়ায় অসম্মানিত বোধ করার চেয়ে অবাক হয়েছিলেন বেশি।

গেল মাসে ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে সোহেল বলেছিলেন, ‘শুরুতে আমার নাম ছিল শুনেছি। কিন্তু পরে কেন ছিলাম না এটা আসলে বলতে পারব না। এটা টুর্নামেন্ট কমিটি বলতে পারবে, যাদের অধীনে এই টুর্নামেন্টটি হয়েছিল তারাই জানে আমি কেন ছিলাম না সবশেষ টুর্নামেন্টে। আমিও সেখানে কোচ হতে চেয়েছিলাম। যেহেতু টাইগার ক্যাম্পের দায়িত্বে ছিলাম এবং জাতীয় দলের সব ক্রিকেটার এখানে খেলছিল। সেই হিসেবে আমারও থাকার কথা ছিল।’

বিজ্ঞাপন

বিসিএলে কোচিংয়ের দায়িত্ব না পাওয়ায় বিস্মিত এই কোচ জানান, ‘পরে যখন কোচদের তালিকায় নাম নেই জানলাম, তখন খারাপ লাগা কিংবা ভালো লাগার ব্যাপার ছিল না। একটু তখন অসম্মানিত মনে হচ্ছিল নিজের কাছে এবং একইসঙ্গে অবাক হয়েছিলাম বেশি।’

এসএইচ/এএইচএস