পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন পারভেজ হোসেন ইমন। আসরের শুরুর দিকে খুব একটা সুবিধা করতে না পারলে মুলতান সুলতানের সর্বশেষ খেলা ম্যাচে দারুণ ব্যাটিং করেছিলেন তিনি। তবে চোটের কারণে এবার পুরো আসর থেকেই ছিটকে গেলেন এই বাংলাদেশি ব্যাটার, এ তথ্য নিশ্চিত করেছে লাহোর।
বিজ্ঞাপন
গত ৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান ইমন। মূলত আসিফ আলীর সঙ্গে মাঠেই সংঘর্ষ হয় তার। ফলে কাঁধে চোট পান তিনি। সেই সময় সঙ্গে সঙ্গেই মাঠ থেকে উঠে যান ইমন।
চোট গুরুতর হওয়ায় ইমনের কাঁধের এমআরআই স্ক্যান করানো হয়। রিপোর্টে দেখা যায় লিগামেন্ট ছিঁড়ে গেছে তার। ফলে আগামী কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে এই বাংলাদেশি ব্যাটারকে। এ কারণেই এবারের আসরে আর মাঠে নামা হচ্ছে না তার।
চোটে পড়ার আগে লাহোরের হয়ে মোট তিনটি ম্যাচ খেলেছেন ইমন। প্রথম দুই ম্যাচে মিডল অর্ডারে খেলে রান পাননি। তবে নিজের তৃতীয় ম্যাচে ৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। সবমিলিয়ে তিন ম্যাচে ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করেছেন।
বিজ্ঞাপন
এইচজেএস
