বিজ্ঞাপন

২০২৮ সাল পর্যন্ত ভারতের কোচ থাকতে চান গম্ভীর

অ+
অ-
২০২৮ সাল পর্যন্ত ভারতের কোচ থাকতে চান গম্ভীর

আইপিএল চলাকালেই ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) নিজের চুক্তির মেয়াদ বৃদ্ধির আবেদন করেছেন গৌতম গম্ভীর। তার অধীনে এরই মধ্যে দুটি শিরোপা জিতেছে ভারত। ওয়ানডে ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জিতেছেন। এই সাফল্যকে পুঁজি করে চুক্তির মেয়াদ বৃদ্ধির আবেদন করেছেন গম্ভীর।

বিজ্ঞাপন

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় বোর্ডের সঙ্গে চুক্তি রয়েছে গম্ভীরের। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের কোচ থাকতে চান গম্ভীর। সেই পর্যন্ত চুক্তি বৃদ্ধির আবেদন করেছেন বিসিসিআইয়ে। বোর্ড কর্মকর্তারা তার এই দাবি মেনে নিলে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও ভারতের ডাগআউটে থাকবেন গম্ভীর।

বোর্ডের কাছে আরও একটি দাবি জানিয়েছেন ভারতীয় দলের কোচ। যা নিয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সূর্যকুমার যাদবকেই টি-টোয়েন্টি দলের অধিনায়ক রেখে দেওয়ার অনুরোধ করেছেন। যদিও বেশ কিছু দিন ধরে ফর্মে নেই সূর্যকুমার। চলমান আইপিএলেও রান পাচ্ছেন না।

বোর্ড কর্মকর্তাদের একাংশ সূর্যকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন। ২০২৮ সালের অলিম্পিক এবং বিশ্বকাপের জন্য নতুন অধিনায়কের অধীনে এখন থেকে সম্ভাব্য দল গড়তে চাইছেন তারা। কিন্তু গম্ভীর ৩৫ বছরের সূর্যকুমারকেই নেতৃত্বে চাচ্ছেন। বিরাট কোহলি, রোহিত শর্মাদের টেস্ট দল থেকে একরকম ছেঁটে ফেলা গম্ভীর সূর্যের ক্ষেত্রে ব্যতিক্রমী অবস্থান নিচ্ছেন। বিসিসিআই কর্তাদের একাংশ কিছুটা বিস্মিত। আরও দু’বছরের জন্য সূর্যকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক ঘোষণা করে দেওয়ায় সায় নেই তাদের।

বিজ্ঞাপন

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, গম্ভীরের প্রথম দাবি মানার সম্ভাবনা থাকলেও দ্বিতীয় দাবিটি হয়তো এখনই মানবেন না বিসিসিআই কর্তারা। আপাতত সূর্যকে একটি একটি করে সিরিজে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে। ফর্মে ফিরতে পারলে সমস্যা নেই। নাহলে অন্য রকম সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘‘এখন সূর্য টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিচ্ছে। তবে ও আগে ব্যাটার। ব্যাটার হিসেবে পারফর্ম করতে হবে। ধারাবাহিকতা দেখাতে হবে। আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফরে ওই অধিনায়ক থাকবে। তারপর আমরা পরিস্থিতি খতিয়ে দেখব। ২০২৮ পর্যন্ত অধিনায়ক থাকা নির্ভর করবে পারফরম্যান্সের ওপর।’

এফআই