রিয়াদে বিকট বিস্ফোরণ : রাতের ম্যাচ কি খেলবেন রোনালদো?

ইসরায়েল ও ইরান সংঘাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ এই প্রাণঘাতী পরিস্থিতির মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের আল ফায়হার বিপক্ষে মাঠে নামার কথা। পর্তুগালের মহাতারকা এই ম্যাচ খেলবেন কি না সেই প্রশ্ন স্বাভাবিকভাবে উঠেছে।
আজ (শনিবার) আল ফায়হার মাঠে নামার কথা রিয়াদের ক্লাব আল নাসরের। রাজধানীজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাতে রোনালদোদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা গেছে। একই সঙ্গে মানসিকভাবেও তাদের ভেঙে পড়ার শঙ্কা রয়েছে।
এই ম্যাচটি আল নাসরের জন্য গুরুত্বপূর্ণ। সৌদি প্রো লিগের শীর্ষ দল আল আহলির (৫৯) চেয়ে এক পয়েন্ট পেছনে তারা। শীর্ষস্থানে ফেরার লক্ষ্য নিয়ে আল ফায়হার মুখোমুখি হবে আল নাসর। এখন দেখার অপেক্ষা দল খেললেও নিরাপত্তা শঙ্কায় রোনালদো খেলেন কি না।
বার্তাসংস্থা এএফপির করেসপন্ডেন্ট জানিয়েছেন, রিয়াদে দুটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন তিনি। এছাড়া আরও ছোট ছোট বিস্ফোরণের শব্দও তার কানে এসেছে।
শনিবার সকালে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথভাবে হামলা চালায়। এর জবাবে ইরান ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন ইরানের মিসাইল হামলার তথ্য নিশ্চিত করেছে।
এফএইচএম/