অভিষেকে ভিএআরের ফল বাংলাদেশের পক্ষে

ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি (ভিএআর) ফুটবলে ব্যবহার হচ্ছে বেশ কয়েক বছর ধরেই। ২০২২ কাতার বিশ্বকাপেও ছিল ভিএআর। বাংলাদেশ এশিয়ান অঞ্চলের খেলায় কখনও এই প্রযুক্তির ব্যবহার পায়নি। অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপে ভিএআর রয়েছে। চীনের বিপক্ষে প্রথম ম্যাচে নেমে আজ (মঙ্গলবার) বাংলাদেশ প্রথম এই প্রযুক্তির প্রয়োগ দেখেছে।
চীন এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন। সর্বাধিক নয়বার শিরোপাও জিতেছে। সেই চীন বাংলাদেশের বিপক্ষে গোল করতে হিমশিম খেয়েছে। বেশ কয়েকটি আক্রমণ গোলরক্ষক মিলি আক্তার রুখে দেওয়ার পর একবার বল বাংলাদেশের জালে জড়ায়। বাংলাদেশের ফুটবলাররা সেই গোল মেনেও নেয়। এরপর ভিএআর প্রযুক্তি সেই গোল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায়।
বাংলাদেশের ফুটবলার মারিয়া কিক-অফে বল বসিয়ে ছিলেন। তখন ভিএআর গোলের অ্যাকশনটি দেখছিল। বাংলাদেশের ডিফেন্স ভেদ করার সময় চাইনিজ ফুটবলার ওয়াং সোয়াং অফসাইডে ছিলেন। সাদা চোখে এটি সহকারী রেফারি ধরতে পারেননি। বেশ কয়েকবার দেখেও সিদ্ধান্ত নিতে পারেনি ভিএআর।
পরবর্তীতে রেফারি নিজে গিয়ে ভিডিও দেখেন। মাঠে দুই দলের ফুটবলাররা পাঁচ মিনিটের বেশি সময় সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। পরবর্তীতে রেফারি গোল বাতিলের সিদ্ধান্ত দিলে গ্যালারিতে বাংলাদেশি সমর্থকরা উল্লাস করে। বাংলাদেশ ভিএআর প্রযুক্তির অভিষেক ব্যবহারে সফলতা পেল।
এজেড/এএইচএস