শেষ মুহূর্তে ভারতের হার, ঋতুপর্ণাদের বিশ্বকাপ কতদূর?

অস্ট্রেলিয়ায় চলমান নারী এশিয়া কাপ চলছে তিন রাজ্যে। বি গ্রুপের খেলা হচ্ছে সিডনিতে, সি গ্রুপের পার্থে ও ‘এ’ গ্রুপের ম্যাচগুলো গোল্ডকোস্টে। আজ ‘সি’ গ্রুপের ম্যাচে ভিয়েতনামের কাছে ২-১ গোলে হেরেছে ভারত। ভিয়েতনাম লিড নিলেও ভারত ম্যাচে সমতা আনে। ম্যাচের শেষ মুহূর্তে ভিয়েতনাম গোল করে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
নারী এশিয়া কাপে তিন গ্রুপেরই প্রথম রাউন্ডের খেলা শেষ। প্রত্যেক গ্রুপের দুটি করে দল একটি করে ম্যাচ জিতেছে। আর হেরেছে দুটি করে দল। বাংলাদেশ ও উজবেকিস্তান উভয়ের পয়েন্ট শূন্য হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশ টেবিলের তৃতীয় স্থানে। ‘সি’ গ্রুপেও তেমনি ভারত ও চাইনিজ তাইপের পয়েন্ট শূন্য হলেও ভারত তৃতীয় অবস্থানে আছে। আর ‘এ’ গ্রুপে তৃতীয় স্থানে থাকা ফিলিপাইনেরও ভারতের মতো শূন্য পয়েন্ট ও গোল ব্যবধান -১। বাংলাদেশ বর্তমানে গ্রুপের তৃতীয় স্থানে থাকা তিন গ্রুপের মধ্যে তৃতীয়।
বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপে খেলছে। ১২ দলের এই টুর্নামেন্টে ছয়টি দল আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। বাংলাদেশ গতকাল এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে দুর্দান্ত খেলায় ফুটবলপ্রেমীদের মনে এখন একটায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশ কি পারবে ফুটবলের বিশ্বকাপ খেলতে?
টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী তিন গ্রুপে চারটি করে দল খেলছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কোয়ার্টার ফাইনালে উঠবে। এই ছয় দলের সঙ্গে তিন গ্রুপে তৃতীয় স্থানে থাকা সেরা দুই দলও কোয়ার্টার ফাইনাল খেলবে। বাংলাদেশের গ্রুপে রয়েছে শক্তিশালী উত্তর কোরিয়া ও চীন। দুই দলই প্রথম ম্যাচ জিতে তিন পয়েন্ট সংগ্রহ করেছে। বাংলাদেশ ও উজবেকিস্তানের পয়েন্ট শূন্য। দুই দলের পরবর্তী প্রতিপক্ষ যথাক্রমে উত্তর কোরিয়া ও চীন। শক্তিমত্তা ও অতীত রেকর্ড অনুযায়ী দুই দলেরই এই ম্যাচে পয়েন্ট পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার ম্যাচটি মূলত গ্রুপের তৃতীয় স্থান নির্ধারণের। ঐ ম্যাচে জয়ী দল গ্রুপে তৃতীয় স্থান অর্জন করবে। তখন এ ও সি গ্রুপে তৃতীয় স্থানে থাকা দুই দলের পয়েন্ট ও গোল ব্যবধান হিসাব করা হবে। অন্য দুই গ্রুপের মধ্যে যদি কোনো দলের পয়েন্ট এক ও তিন থাকে, তাহলে ‘বি’ গ্রুপে তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলতে পারে। আবার অন্য দুই গ্রুপেও যদি তিন পয়েন্ট থাকে, তাহলে গোল ব্যবধানে এগিয়ে থাকা দুই দল কোয়ার্টারে খেলার সুযোগ পাবে।
তিন গ্রুপেই মাত্র একটি করে ম্যাচ হয়েছে। সবার দ্বিতীয় ম্যাচ খেলার পর মূলত সমীকরণ অনেকটা পরিষ্কার হবে। বাংলাদেশ উজবেকিস্তানের চেয়ে প্রথম ম্যাচে কম ব্যবধানে পরাজিত হওয়ায় এখন গ্রুপে তৃতীয় অবস্থানে রয়েছে। পরের ম্যাচেও যদি উজবেকিস্তানের চেয়ে কম ব্যবধানে হারে এবং দুই দলের মধ্যকার ম্যাচ যদি ড্র হয়, তখন বাংলাদেশ এক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে টেবিলের তৃতীয় স্থানে থাকবে। অন্য গ্রুপে যদি তৃতীয় স্থানে থাকা দলের পয়েন্ট এক এবং গোল ব্যবধান বাংলাদেশের চেয়ে বেশি হয়, তখন বাংলাদেশ এক পয়েন্ট নিয়েই কোয়ার্টারে খেলতে পারবে।
কোয়ার্টার ফাইনাল ম্যাচটি জিতলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। কোয়ার্টার ফাইনালে হারলেও বিশ্বকাপ সম্ভাবনা থাকবে। কোয়ার্টার ফাইনালে পরাজিত চার দলের মধ্যে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ হবে। ঐ দুই ম্যাচের জয়ী দলও বিশ্বকাপে খেলবে। সেখানে পরাজিত দলেরও সুযোগ থাকবে বিশ্বকাপের। সেক্ষেত্রে অন্য মহাদেশের দলের সঙ্গে প্লে অফ খেলতে হবে।
২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে এশিয়ার বাছাই পর্বের মঞ্চও এই এশিয়া কাপ। কোয়ার্টার ফাইনালে উঠা আট দলই পরবর্তীতে অলিম্পিকের বাছাইয়ের জন্য নিজেদের মধ্যে মুখোমুখি হবে। উজবেকিস্তানকে হারিয়ে কিংবা ড্র করে গোল ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টারে উঠলে বিশ্বকাপ ও অলিম্পিকের স্বপ্ন পূরণে বাংলাদেশ অনেকটাই এগিয়ে থাকতে পারবে।
এজেড/এমএমএম