সিডনিতে ঋতুপর্ণাদের শুভকামনা জানালেন ইমরুল কায়েস

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ইমরুল কায়েস। অস্ট্রেলিয়ার সিডনিতেই এখন তার বসবাস। অস্ট্রেলিয়ায় নিজে খেলেন, কোচিং করান ও একাডেমিও করেছেন। আজ সিডনির লাকাম্বায় টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অফ বাংলাদেশ অস্ট্রেলিয়া (ট্রাব) নারী এশিয়া কাপ কাভার করতে আসা সাংবাদিকদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে আমন্ত্রিত ছিলেন ইমরুল কায়েসও।
বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য শুভ কামনা ব্যক্ত করে ইমরুল বলেন, ‘‘ক্রিকেটার কিংবা ফুটবলার, আমরা সবাই বাংলাদেশের হয়ে খেলি। বাংলাদেশের সম্মান বয়ে আনার কাজই করেন ক্রীড়াবিদরা। আমাদের নারী ফুটবলাররা দারুণ খেলছে। আগামীকালের ম্যাচও আমাদের সমর্থন থাকবে।’’

পেশাদার ক্রীড়া সাংবাদিকরা দেশ-বিদেশে নানা টুর্নামেন্ট কাভার করতে ছুটে বেড়ান। খেলার সংবাদের পাশাপাশি বাংলাদেশি প্রবাসীদের সুখ-দুঃখও শোনেন তারা। পেশাগত, ব্যক্তিগত ব্যস্ততার মধ্যেও এশিয়া কাপ কাভার করতে আসা সাংবাদিকদের জন্য এমন আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান সাংবাদিকরা।
অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী। আজকের অনুষ্ঠানে লাকাম্বার সাবেক কাউন্সিলর টিটো, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের আরো বিশিষ্ট ব্যক্তিও উপস্থিত ছিলেন।
এশিয়া কাপ কাভার করতে আসা সাংবাদিকদের, সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস ও বিডিক্রিকটাইমকে ট্টাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এজেড /এমএমএম