রোনালদোকে ‘সর্বকালের সেরা’ বলা ট্রাম্পের মতে ‘মেসি পেলের চেয়ে ভালো’

কয়েক মাসের ব্যবধানে ফুটবলের অন্যতম দুই সেরা মহাতারকার সঙ্গে সাক্ষাৎ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যেখানে তিনি নিজের ছেলে ব্যারন ট্রাম্পকে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি উভয়ের ভক্ত বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে মেসি নাকি রোনালদো– সর্বকালের সেরা কে? সেই বিতর্কও ভিন্নভাবে উস্কে দিলেন ট্রাম্প। যদিও দু’জনকে তিনি ভিন্ন দুটি তকমায় অভিহিত করেছেন।
গত মৌসুমে ক্লাব ইতিহাসে প্রথমবার মেজর লিগ সকার (এমএলএস) চ্যাম্পিয়ন হওয়া ইন্টার মায়ামিকে গতকাল (বৃহস্পতিবার) হোয়াইট হাউজে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যেখানে দলটির প্রধান তারকা মেসিকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে তার প্রশংসা করেন ট্রাম্প। এ সময় ট্রাম্প ও মায়ামির যৌথ মালিক জর্জ মাসের সঙ্গে ইস্ট রুমে প্রবেশ করেন মেসি। তারপর নিজের সই করা মায়ামির একটি গোলাপি বল প্রেসিডেন্টকে উপহার দেন। এ ছাড়া মায়ামির মালিক ও কোচ হাভিয়ের মাশ্চেরানোর কাছ থেকে জার্সি ও ঘড়ি উপহার পান ট্রাম্প।
— The White House (@WhiteHouse) March 5, 2026
২০২৩ সালের জুলাইয়ে মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথমবার হোয়াইট হাউজে গেলেন মেসি। এরপর মেসি এবং পুরো মায়ামি স্কোয়াডকে পেছনে রেখে ট্রাম্প বলেন, ‘আমরা সত্যিকারের প্রতিভাবান মানুষদের সম্মানিত করছি। আমার বলতে খুব গর্ববোধ হচ্ছে যে আগে কোনো আমেরিকান প্রেসিডেন্ট যেটা বলতে পারেনি, সেটাই বলতে পারছি আমি– “লিওনেল মেসি, তোমাকে হোয়াইট হাউজে স্বাগতম।”’ মেসির হোয়াইট হাউজে আগমনের খবর নাকি ট্রাম্পও জানতেন না। ছেলের কাছ থেকে শুনেছেন তিনি, ‘আমার ছেলে বলেছিল, “বাবা, তুমি কি জানো আজ এখানে কে আসতে যাচ্ছে?” আমি বললাম, “না, অনেক কিছুই তো হচ্ছে।” সে বলল “মেসি”।’
ছেলে মেসি এবং রোনালদো উভয়েরই ভক্ত বলে উল্লেখ করেন ট্রাম্প, ‘সে তোমার অনেক বড় একজন ভক্ত। তার মতে তুমি অসাধারণ একজন মানুষ। আমার ধারণা এর আগে তোমাদের দেখাও হয়েছে। সে ফুটবলের অনেক বড় ভক্ত, তবে তোমারও একনিষ্ঠ ভক্ত। আর রোনালদো নামের একজন ভদ্রলোকেরও (ভক্ত)। ক্রিশ্চিয়ানো দারুণ। তুমিও দারুণ।’
— Sky News (@SkyNews) March 6, 2026
অনুষ্ঠানের এক পর্যায়ে ট্রাম্পের কাছে আমেরিকান ক্লাবের সঙ্গে ব্রাজিলিয়ান গ্রেট পেলের খেলার ব্যাপারে জানতে চাওয়া হয়। তিনি মেসির দিকে তাকিয়ে বলেন, ‘তুমি হয়তো পেলের চেয়েও ভালো।’ তারপর দর্শকদের উদ্দেশ্যে তার প্রশ্ন, ‘কে বেশি ভালো?’ সেখানে উপস্থিত বেশিরভাগই রায় দেন মেসির পক্ষে। তাতে সুর মিলিয়ে ট্রাম্প বলে উঠেন, ‘আমি আপনাদের সঙ্গে একমত। তবে সে অনেক ভালো, পেলে আসলেই ভালো।’
এর আগে সম্প্রতি পর্তুগিজ সুপারস্টার রোনালদোকে সর্বকালের সেরা বলে উল্লেখ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যম টিকটক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওতে তিনি সিআরসেভেনকে শিগগিরই যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানান। সেখানে ট্রাম্প বলেন, ‘রোনালদো, তুমি সর্বকালের সেরা (খেলোয়াড়)। আমরা তোমাকে আমেরিকায় চাই। চলে আসো, তোমাকে দ্রুত প্রয়োজন।’ একইসঙ্গে একটি এআই দিয়ে তৈরি একটি ভিডিও ক্লিপ যুক্ত করে দেন মার্কিন রাষ্ট্রপ্রধান। যেখানে ওভাল অফিসের ভেতরে দুজনকে ফুটবল খেলতে দেখা যায়।

অবশ্য গত বছরের নভেম্বরে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে সাক্ষাতের কথা ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছিলেন রোনালদো। সেখানে বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বেশ হাস্যজ্জ্বল মুহূর্তের ছবিও যুক্ত করেন তিনি। এ ছাড়া ট্রাম্প-রোনালদোর ছবি জুড়ে দিয়ে হোয়াইট হাউজ অফিসিয়াল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের ক্যাপশনে লেখে– দুজন গোটস (গ্রেটেস্ট অব অল টাইম)। ওই অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘ব্যারন তোমার অনেক বড় ভক্ত। আমার মনে হয় সে তার বাবাকে এখন কিছুটা বেশি সম্মান করবে, শুধুমাত্র তোমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।’
এএইচএস