ভয়াবহ সংকটের মুখে পড়েছে ইংলিশ লিগের অন্যতম জনপ্রিয় ক্লাব টটেনহ্যাম হটস্পার। বাজে সময় পার করা টটেনহ্যানকে টেনে তোলার দায়িত্ব পেয়েছিলেন ইগর টিউডর। কিন্তু মাত্র পাঁচ সপ্তাহের মাথায় চাকরি হারালেন তিনি। আজ এক অফিসিয়াল বিবৃতিতে তার সাথে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে টটেনহ্যাম ক্লাব কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
৪৭ বছর বয়সী এই ক্রোয়েশিয়ান কোচ দায়িত্ব নেওয়ার পর সাতটি ম্যাচের মধ্যে জয় পেয়েছেন মাত্র একটিতে। তার অধীনে আর্সেনালের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়া এবং ফরেস্টের কাছে ৩-০ ব্যবধানের হার স্পার্সদের ঠেলে দিয়েছে খাদের কিনারে। বর্তমানে ১৭ নম্বর অবস্থানে থাকা টটেনহ্যাম রেলিগেশন জোন থেকে মাত্র ১ পয়েন্ট দূরে রয়েছে। ১৯৭৭ সালের পর এই প্রথম দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার শঙ্কায় ভুগছে ক্লাবটি।
ইগর টিউডরের এই সংক্ষিপ্ত সময়টি কেবল মাঠের ব্যর্থতা নয়, ব্যক্তিগত ট্র্যাজেডিতেও ছিলেন। নটিংহ্যাম ফরেস্টের কাছে হারের পরই তিনি তার বাবা মারিওর মৃত্যুসংবাদ পান। ক্লাব কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে টিউডরের এই শোকাতুর সময়ে সমবেদনা জানিয়ে বলেছে, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই তিনি ক্লাব ছাড়ছেন।
গত ২৮ ডিসেম্বরের পর প্রিমিয়ার লিগে আর কোনো ম্যাচ জিততে পারেনি স্পার্স। টানা ১৩ ম্যাচের এই জয়হীন যাত্রা সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে কিছুটা আশা জাগালেও লিগ টেবিলের নাজুক অবস্থা টিউডরের বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়। ইনজুরি সমস্যার কারণেও নিয়মিত একাদশ সাজাতে হিমশিম খেতে হয়েছে ক্লাবটিকে।
বিজ্ঞাপন
গত মৌসুমে অ্যাঞ্জে পোস্টেকোগলুর অধীনে ১৭ নম্বর অবস্থানে থেকে মৌসুম শেষ করলেও ইউরোপা লিগ জিতে মান বাঁচিয়েছিল টটেনহ্যাম। কিন্তু এবার হাতে আছে মাত্র সাতটি ম্যাচ। প্রিমিয়ার লিগে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আগামী ১২ এপ্রিল সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে তারা।
এমএমএম/
