ভিয়েতনামের বিপক্ষে বড় হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ ফুটবল দল। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। সেই কঠিন লড়াইয়ের আগে দলের অভিজ্ঞ দুই কাণ্ডারি তপু বর্মন ও রাকিব হোসেনের অভাব বোধ করছেন প্রবাসী মিডফিল্ডার সামিত সোম।
বিজ্ঞাপন
আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর। ম্যাচটি ঘিরে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে রয়েছে ব্যাপক উন্মাদনা। প্রিয় ফুটবলারদের একনজর দেখতে প্রবাসীরা হোটেল ও অনুশীলনে ভিড় করছেন।
সমর্থকদের এমন ভালোবাসা দেখে অভিভূত সামিত বাফুফের এক ভিডিও বার্তায় বলেন, ‘সিঙ্গাপুরে প্রচুর বাংলাদেশি আমাদের সমর্থন দিতে আসছেন, যা দেখে খুব ভালো লাগছে। এটি আমাদের মানসিক শক্তি ও বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে। আশা করি মঙ্গলবারের ম্যাচে আমরা এর প্রতিফলন ঘটাতে পারব।’
ভিয়েতনামের বিপক্ষে বড় হারের পর দলের মানসিক অবস্থা কিছুটা নাজুক থাকলেও এখন তা কাটিয়ে উঠেছে ফুটবলাররা। এ প্রসঙ্গে সামিত জানান, ‘গত ম্যাচের পর সবার মন খারাপ ছিল। তবে গত দুই-তিন দিনে আমরা নিজেদের গুছিয়ে নিয়েছি। এখন আমাদের লক্ষ্য সামনের ম্যাচ। কঠোর অনুশীলন করছি যাতে অন্তত পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারি।’
বিজ্ঞাপন
দলের দুই অভিজ্ঞ তারকা তপু বর্মন ও রাকিব হোসেনের অনুপস্থিতি নিয়ে সামিত বলেন, ‘আমরা তপু ও রাকিবকে মিস করছি। তবে ফুটবলে চোট বা অন্য কারণে কেউ না থাকলে অন্যদের সেই দায়িত্ব নিতে হয়। আজ আমি বা হামজা (চৌধুরী) আছি, কাল হয়তো আমরাও চোটজর্জর হয়ে মাঠের বাইরে থাকতে পারি। ফুটবল কেবল ১১ জনের নয়, এটি পুরো স্কোয়াডের খেলা। যারা সুযোগ পাবে, তাদেরই প্রমাণ করতে হবে তারা কতটা তৈরি।’
উল্লেখ্য, আক্রমণভাগে রাকিব এবং রক্ষণে তপু বর্মন বাংলাদেশ দলের অপরিহার্য অংশ। ভিয়েতনাম ম্যাচে তাদের অভাব তীব্রভাবে অনুভূত হয়েছে। এখন সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ভক্তদের মুখে হাসি ফোটানোই সামিতদের মূল চ্যালেঞ্জ।
এজেড/এমএমএম
