‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’, যেন তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠল বসনিয়া-হার্জেগোভিনা ও ইতালি। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ১২ বছর পর বিশ্বকাপে উঠল বসনিয়া। যে স্বপ্ন পূরণ হওয়ায় ক্লাবের স্টেডিয়ামে হাজির সব ভক্তকে বিয়ার পানের প্রতিশ্রুতি রক্ষার ঘোষণা দিয়েছেন এক ফুটবলার। বলকান অঞ্চলের দেশটি স্বাধীনতার পর দ্বিতীয়বার মেগা টুর্নামেন্টে উঠে দেশজুড়ে উৎসবে মেতেছে। অন্যদিকে, হতাশার অন্ধকারে ছেয়ে যাচ্ছে টানা তৃতীয় বিশ্বকাপের আগে ছিটকে পড়া ইতালি।
বিজ্ঞাপন
বসনিয়ার ২৮ বছর বয়সী ফরোয়ার্ড এরমেদিন দেমিরোভিচ খেলেন জার্মান ক্লাব স্টুটগার্টে। জাতীয় দলের বিশ্বকাপ প্লে-অফে নামার আগে তিনি টুর্নামেন্টে খেলা নিশ্চিত হলে ক্লাবের পরবর্তী ম্যাচে স্টেডিয়ামের সবার পানীয়’র খরচ বহনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বসনিয়ার বিপক্ষে প্লে-অফ ফাইনালের প্রথমার্ধে এক গোলে এগিয়ে ছিল ইতালি। কিন্তু দ্বিতীয়ার্ধে একটি গোল হজম করলে নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ১-১ সমতায়। অতিরিক্ত ৩০ মিনিটের খেলাতেও স্কোরশিটে পরিবর্তন আসেনি। ফলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শ্যুটআউটের পরীক্ষায় প্রথম শটেই গোল আদায় করেন বসনিয়ার বেঞ্জামিন তাহিরোভিচ। অন্যদিকে ইতালির হয়ে শট নিতে এসে মিস করেন পিও এস্পোসিতো। দ্বিতীয় শটে দুদলই গোল পায়। পরের শটে বসনিয়া গোল পেলেও মিস করেন ইতালির ব্রায়ান ক্রিস্টান্তে। আর চতুর্থ শটে গোল পেয়ে গেলে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় বসনিয়া-হার্জেগোভিনার। তাতেই বিশ্বকাপের টিকিট পেয়ে যায় দলটি। এরপর দেমিরোভিচ তার প্রতিশ্রুতি রক্ষা করবেন কি না সেই আলোচনা ওঠে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, স্টুটগার্ট দর্শকদের দেওয়া কথা রাখতে যাচ্ছেন।
— FOX Soccer (@FOXSoccer) April 1, 2026
বিজ্ঞাপন
ইতালির বিপক্ষে জয়ের পর ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসকে বসনিয়ান তারকা দেমিরোভিচ বলেন, ‘যা বলেছি তা অবশ্যই পালন করব। আমি এক কথার মানুষ। পানীয়ের খরচ আমার…। যদিও ব্যাপারটি সম্ভবত বেশ ব্যয়বহুল হবে। তবে এমন একটি অর্জনের পর ভালোবাসা নিয়ে আন্তরিকভাবেই তা করব। স্টুটগার্ট, ড্রিঙ্কস আর অন মি…।’
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই হতে যাওয়া বিশ্বকাপের সর্বোচ্চ প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে পড়েছে বসনিয়া। যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক কানাডা, কাতার ও সুইজারল্যান্ড। বিশ্বকাপে উঠার অনুভূতি তার কাছে অবিশ্বাস্য, ‘মনে হচ্ছে কল্পনার জগতে আছি, পরাবাস্তব অনুভূতি। কোনো কথা খুঁজে পাচ্ছি না, ভাষা হারিয়ে ফেলেছি। আমরা সত্যিই খুব ভালো খেলেছি এবং বিশ্বকাপ জায়গা করে নেওয়া আমাদের শতভাগ প্রাপ্য। দেশের জন্য আমরা যা অর্জন করেছি, এখনও ঠিকমতো বুঝে উঠতে পারছি না যেন।’
বিজ্ঞাপন
২০২৪ সাল থেকে জার্মান ক্লাব স্টুটগার্টে খেলছেন দেমিরোভিচ। তার দল এই মুহূর্তে বুন্দেস লিগার পয়েন্ট টেবিলের তিনে রয়েছে। যাদের পরের ম্যাচ দুইয়ে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে। ফলে সেই ম্যাচে গ্যালারি পূর্ণ থাকবে বলেই ধারণা করা হচ্ছে। স্টুটগার্টে মাঠ এমএইচপি অ্যারেনার দর্শক ধারণক্ষমতা ৬০ হাজারের বেশি। সেদিন ওই পরিমাণ দর্শক থাকলে দেমিরোভিচকে গুনতে হতে পারে ৩ লাখ ইউরোর (মাঠে এক পাইন্ট বিয়ারের মূল্য প্রায় ৫ ইউরো) মতো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ কোটি ২৮ লাখ টাকা।
এএইচএস
