লিওনেল মেসি এবং আর্জেন্টিনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান। তার দাবি, গত বছর আর্জেন্টিনা ফুটবল দল কেরালায় খেলতে আসার প্রতিশ্রুতি দিয়েও রক্ষা করেনি। শেষ পর্যন্ত মেসি বা আর্জেন্টিনা দল কেরালায় আসেননি, যা প্রতারণার শামিল।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে কেরালার ক্রীড়ামন্ত্রী বলেন, আর্জেন্টিনা দলকে কেরালায় এনে ম্যাচ আয়োজনের জন্য তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। বিশেষ করে লিওনেল মেসিকে নিয়ে আসার পরিকল্পনাও ছিল। এ জন্য স্পন্সর জোগাড় করে প্রায় ২৫০ কোটি রুপি সংগ্রহ করাও সহজ কাজ ছিল না।
কিন্তু তার দাবি, অর্থ নেওয়ার পরও প্রতিশ্রুতি অনুযায়ী কেরালায় আসেনি আর্জেন্টিনা দল। “এভাবে তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা এমন আচরণ আশা করিনি,” বলেন আব্দুরাহিমান।
তিনি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে জানতে পেরেছেন, শুধু কেরালাই নয়—আরও পাঁচটি দেশের সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটিয়েছে আর্জেন্টিনা। অর্থ নেওয়ার পরও সেসব দেশে গিয়ে ম্যাচ খেলেনি তারা।
বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। তার ভাষায়, “এটা এমন এক অবস্থা, যেখানে আর্জেন্টিনা দলের বিরুদ্ধে মামলা করতে হবে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে।”
কেরালার ফুটবলপ্রেমীদের হতাশার কথাও তুলে ধরেন তিনি। বলেন, দলটির আগমনের অপেক্ষায় ছিলেন সবাই, কিন্তু শেষ পর্যন্ত তা না হওয়ায় ব্যাপক হতাশা তৈরি হয়েছে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ক্রীড়ামন্ত্রী জানিয়েছিলেন, চলতি বছরের মার্চে আর্জেন্টিনা দল ও মেসি কেরালা সফরে আসবেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সফর আর বাস্তবায়ন হয়নি, যা এখন বড় বিতর্কের জন্ম দিয়েছে। অবশ্য চলতি বছর ভারত সফরে গিয়েছিলেন মেসি। পশ্চিমবঙ্গ, মুম্বাইসহ বেশ কিছু রাজ্যে সফর করেছেন তিনি।
বিজ্ঞাপন
এফআই
