কিলিয়ান এমবাপে হয়তো ক্রিশ্চিয়ানো রোনালদোকে আদর্শ মানেন। কিন্তু লিওনেল মেসির প্রতিভা দেখার সুযোগ হয়েছে খুব কাছ থেকে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে ট্রেনিং সেশনে প্রতিটি মুহূর্তে মুগ্ধ হতে হয়েছে তাকে। প্যারিস সেন্ট জার্মেইতে তারা সতীর্থ ছিলেন। ফ্রান্সের তারকা সেই অভিজ্ঞতা জানালেন ‘দ্য ব্রিজ’ নামের পডকাস্টে।
বিজ্ঞাপন
এমবাপেকে প্রশ্ন করা হয়েছিল, এমন কার সঙ্গে ট্রেনিং করেছেন, যাকে সত্যিকার ফুটবল ফেনোমেনন মনে করেন? রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড মজা করে বললেন, ‘মেসি প্রতারণা করতেন’। এই দুজনের সঙ্গে আরেক তারকা নেইমার ছিলেন পিএসজির আক্রমণভাগে। একসঙ্গে তারা ট্রেনিংয়ে দারুণ সময় কাটাতেন। মেসির জাদুতে মুগ্ধ হতেন। নেইমারের চেয়ে আর্জেন্টাইন বেশি টেকনিক্যাল ছিলেন কি না প্রশ্নে এমবাপে বলেন, ‘একই রকম নয়। কিন্তু মেসি সবকিছু ভালোভাবে করত।’
এরপর মেসির ফিনিশিং সামর্থ্য ও টেননিক্যাল দক্ষতা নিয়ে একটি ঘটনার কথা বললেন এমবাপে, ‘একটা গল্প বলতে চাই। আমরা প্যারিসে ড্রিল করছিলাম। ওই সময় পিএসজি ছিল বিশ্ব ফুটবলের শীর্ষে। আমরা ১০টি শট নিলাম... নেইমার ও আমি ৬ বা ৭ গোল করতাম, কিন্তু মেসি ৯ বার শট নিয়ে প্রত্যেকবারই গোল করল, যেন এটা ছিল কোনো বাচ্চাদের ট্রেনিং সেশন। তাকে ক্লান্ত লাগছিল, যেন সে এই মাত্র বল জালে ঠেলে দিলো। আমি তাকে দেখছিলাম, কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না।’
বার্সেলোনা থেকে আকস্মিকভাবে বিদায় নিয়ে পিএসজিতে এমবাপের সঙ্গে দুই মৌসুম ছিলেন মেসি। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গেই তার ক্যারিয়ার শেষ হবে, যারা এমনটা ভাবছিলেন, তাদের জন্য ওই মুহূর্ত ছিল পিলে চমকে যাওয়ার মতো।
বিজ্ঞাপন
এফএইচএম/
