আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ঠিক এই মুহূর্তে বিশ্বের বড় বড় তারকা ফুটবলারকে পেছনে ফেলে আলোচনায় উঠে এসেছেন দুই মেক্সিকান স্ট্রাইকার হুলিয়ান কুইনোনেস ও আরমান্দো গঞ্জালেস। গোল করার দক্ষতায় তারা এই মুহূর্তে পেছনে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হালান্ডের মতো তারকাদের।
বিজ্ঞাপন
আল-কাদিসিয়ার হয়ে খেলা হুলিয়ান কুইনোনেস এই মৌসুমে ২৬টি গোল করে বৈশ্বিক তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। তার ওপরে আছেন কেবল বায়ার্ন মিউনিখের হ্যারি কেন।
অন্যদিকে, চিভাস গুয়াদালাজারার ফরোয়ার্ড আরমান্দো গঞ্জালেজ সবশেষ পুয়মাসের বিপক্ষে জোড়া গোল করে নিজের মোট গোল সংখ্যা নিয়ে গেছেন ২৪-এ। তিনি ইতোমধ্যে মেক্সিকান লিগের ‘অ্যাপারতুরা ২০২৫’ গোল্ডেন বুট জিতেছেন এবং বর্তমান টুর্নামেন্টেও সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, মেক্সিকোর এই দুই ফুটবলার ২৩ গোল করা রোনালদো ও এমবাপ্পে এবং ২২ গোল করা ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ডকেও টপকে গেছেন। বিশ্বকাপের আগে মেক্সিকান স্ট্রাইকারদের এমন ফর্ম তাদের প্রতিপক্ষ দলগুলোর জন্য বড় দুশ্চিন্তার কারণ হতে পারে।
বিজ্ঞাপন
গোলদাতার তালিকায় এত উপরে থাকলেও মেক্সিকো জাতীয় দলের কোচ হাভিয়ের আগুইরে এখনও বিশ্বকাপে তাদের জায়গা নিশ্চিত করেননি। আগামী কয়েক দিনের মধ্যে মেক্সিকোর চূড়ান্ত স্কোয়াড ঘোষণার পরই জানা যাবে এই দুই ফুটবলারকে বিশ্বকাপে দেখা যাবে কি না।
এমএমএম/
